বিশ্ব প্রাণী দিবস উপলক্ষে বিটিভিতে ‘প্রাণীর জন্য ভালোবাসা’

বিটিভিতে বিশিষ্ট ব্যক্তিরা
বিনোদন
0

আজ (রোববার, ৪ অক্টোবর) বিশ্ব প্রাণী দিবস। দিবসটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বাংলাদেশ টেলিভিশন নির্মাণ করেছে বিশেষ অনুষ্ঠান ‘প্রাণীর জন্য ভালোবাসা’।

অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার। আর প্রযোজনা করেছেন আব্দুল্যাহ আল মামুন।

অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, সংগীতশিল্পী ও প্রাণীপ্রেমী আগুন এবং বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার এসোসিয়েশন ‘বাওয়া’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাপ্পী খান।

তারা কথা বলেছেন পথপ্রাণী এবং বন্য প্রাণীদের অধিকার ও সুরক্ষা নিয়ে। অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘অবলা প্রাণীদের ব্যাপারে আমরা অনেকেই সচেতন নই। যে কারণে প্রায়ই ওরা নির্যাতনের শিকার হয়। আমরা চেষ্টা করেছি এই অনুষ্ঠানে এমন কিছু আলোচনা রাখতে, যেগুলো সচেতনতা ও প্রাণীদের প্রতি দায়িত্বশীলতা বৃদ্ধি করবে।’

উল্লেখ্য, ‘প্রাণীর জন্য ভালোবাসা’ অনুষ্ঠানটি বিটিভিতে প্রচার হবে আজ (রোববার) রাত ১০টায়।

এফএস