চীন সফরে পুতিনের পারমাণবিক ব্রিফকেস দেখালো রুশ রাষ্ট্রীয় টেলিভিশন

বিদেশে এখন
0

চীনে এপেক সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন সহযোগীর হাতে থাকা পারমাণবিক ব্রিফকেসের দৃশ্য সম্প্রচার করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। ক্রেমলিন-নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল রাশিয়া-১-এর এক সংবাদদাতা বৈঠকে যাওয়ার পথে উর্দি পরা এক রুশ নৌবাহিনীর কর্মকর্তার কাছে জানতে চান, তার হাতে থাকা সুটকেসটি কি সেই পারমাণবিক ব্রিফকেস, যা দিয়ে পারমাণবিক হামলার নির্দেশ দেয়া যায়? জবাবে ওই নৌ কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ।’ ভিডিও ক্লিপটি ইতিমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

২১ সদস্যের এপেক সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার চীনের শেনজেনে পৌঁছান রুশ প্রেসিডেন্ট। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বহুল প্রতীক্ষিত ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, নেতাদের মধ্যে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের বিষয়ে আলোচনা হবে। চীনের ক্রমবর্ধমান পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পুতিন তার দেশের পারমাণবিক বাহিনীকে বিশেষ সতর্কাবস্থায় রেখেছেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত নিউ স্টার্ট চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করেছেন এবং পারমাণবিক প্রতিরোধ নীতিমালা হালনাগাদ করেছেন।

শেনজেনে সম্মেলনস্থলের বাইরে পার্ক করা গাড়ির পাশে দাঁড়িয়ে ক্যামেরার সামনে কথা বলছিলেন রাশিয়া-১ চ্যানেলের প্রচারক এবং সমসাময়িক বিষয়ভিত্তিক অনুষ্ঠান ৬০ মিনিটসের যৌথ সঞ্চালক ইয়েভগেনি পপভ। স্ত্রী ওলগা স্কাবায়েভার সঙ্গে তিনি ওই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ভিডিওতে দেখা যায়, এক নৌ কর্মকর্তা ব্রিফকেস হাতে হেঁটে যাওয়ার সময় পপভ বলছেন, ‘দেখুন, ঠিক আমাদের পেছনেই রয়েছে সেই পারমাণবিক ব্রিফকেস।’

এরপর তিনি ওই কর্মকর্তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন, ‘হ্যালো, এটি কি পারমাণবিক ব্রিফকেস?’ জবাবে কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ।’ সঞ্চালক তখন আবার প্রশ্ন করেন, ‘সেই আসলটিই?’ উত্তরে ওই কর্মকর্তা বলেন, ‘এটিই সেটি।’ এ সময় ক্যামেরার পেছন থেকে সঞ্চালককে বলতে শোনা যায়, ‘অবিশ্বাস্য।’

স্পর্শকাতর পারমাণবিক আলোচনার আগে ক্রেমলিনের মনস্তাত্ত্বিক কৌশলের অংশ হিসেবে এই দৃশ্য সাজানো হয়ে থাকতে পারে—এমন সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তবে ২০২৩ সালের অক্টোবরে বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে পুতিনের বৈঠকের সময়ও একই ধরনের ঘটনা ঘটেছিল। তখন শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর পুতিনকে অন্য একটি বৈঠকে হেঁটে যেতে দেখা যায় এবং তার পেছনে ব্রিফকেস হাতে দুজন রুশ নৌ কর্মকর্তা ছিলেন। রুশ বার্তা সংস্থা আরআইএর এক সংবাদদাতা সে সময় বলেছিলেন, ‘এমন কিছু সুটকেস আছে, যা ছাড়া পুতিনের কোনো সফরই পূর্ণ হয় না।’

পারমাণবিক ব্রিফকেস আসলে কী?
আশির দশকে রাশিয়ার এই পারমাণবিক ব্রিফকেস ব্যবস্থাটি তৈরি করা হয়। ১৯৮৫ সালে সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ দায়িত্ব নেয়ার সময় এটি প্রথম চালু হয়। ককেশাস পর্বতমালার মাউন্ট চেগেটের নামানুসারে এটি চেগেট নামে পরিচিত। সাধারণত রুশ নৌবাহিনীর একজন কর্মকর্তা সব সময় প্রেসিডেন্টের সঙ্গে এটি বহন করেন। তবে খুব কম সময়ই এটি ক্যামেরায় ধরা পড়ে। এ ধরনের আরও দুটি ব্রিফকেস রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফের কাছে থাকে।

এই ব্রিফকেস তৈরিতে সহায়তাকারী ভ্যালেন্টিন গোলুবকভ জানান, প্রেসিডেন্টের সঙ্গে শীর্ষ সামরিক কমান্ডের নিরাপদ যোগাযোগের মাধ্যম হিসেবে এটি তৈরি করা হয়েছিল। ২০১৪ সালে রুশ ট্যাবলয়েড কমসোমলস্কায়া প্রাভদাকে তিনি বলেছিলেন, ‘আমাদের পুরো বিশাল ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রভাণ্ডারকে একসূত্রে যুক্ত করাই ছিল এর লক্ষ্য।’

সে সময় যুক্তরাষ্ট্র ইউরোপে তাদের ক্ষেপণাস্ত্র মোতায়েন করছিল, যা মাত্র পাঁচ মিনিটে সোভিয়েত ইউনিয়নে আঘাত হানতে পারত। তখন রুশ জেনারেল স্টাফও পাল্টা হামলার মহড়া ও প্রশিক্ষণ চালাচ্ছিল। গোলুবকভ বলেন, ‘এর আরেকটি কারণ ছিল—অননুমোদিত পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ঠেকানো নিশ্চিত করা। ওই কয়েক মিনিটের মধ্যেই পাল্টা হামলার অনুমোদন নিতে হতো।’ প্রতিরক্ষামন্ত্রী এবং চিফ অব দ্য জেনারেল স্টাফের কাছে থাকা একই ধরনের পারমাণবিক ব্রিফকেসের সঙ্গে সমন্বয় করে প্রেসিডেন্ট এই নির্দেশ দিতেন।

ব্রিফকেসগুলো আসলে কারা বহন করেন?
২০২৫ সালের ডিসেম্বরে রুশ স্বাধীন অনুসন্ধানী সংবাদমাধ্যম ডসিয়ার সেন্টার জানায়, তাদের অনুসন্ধানে দেখা গেছে, গোপন সংস্থা স্পেশাল সার্ভিস ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশনসের কর্মকর্তারা এই ব্রিফকেস বহন করেন। অভ্যন্তরীণভাবে সংস্থাটি সার্ভিস কে নামে পরিচিত।

সংবাদমাধ্যমটি জানায়, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে অন্তত ৫৩ জন কর্মকর্তা সার্ভিস কের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের মধ্যে একজন জেনারেল, কয়েক ডজন কর্নেল এবং নৌবাহিনীর বেশ কয়েকজন ক্যাপ্টেন রয়েছেন। তাদের বেতন অন্য চুক্তিভিত্তিক কর্মকর্তাদের মতোই। ডসিয়ার সেন্টারের প্রতিবেদনে বলা হয়, ‘কাজের গুরুত্ব ও স্পর্শকাতরতা অনেক বেশি হওয়া সত্ত্বেও এই কর্মকর্তাদের অনেকেই মস্কোর বাইরে একটি সংরক্ষিত শহরে তুলনামূলক সাদামাটা জীবন যাপন করেন।’

—নিউজ উইকের প্রতিবেদন অবলম্বনে

এএম