হিলি স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

দিনাজপুর
হিলি স্থলবন্দর
এখন জনপদে
অর্থনীতি
1

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে দিনাজপুর হিলি স্থলবন্দরে টানা ৭ দিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

গতকাল (শনিবার, ১৭ অক্টোবর) রাতে দিনাজপুর হিলি স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম শাহিন বাসসকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শনিবার ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন এক চিঠির মাধ্যমে বাংলাদেশের হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।’

কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন, ‘১৭ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হওয়ায় ভারতীয় ব্যবসায়ীরা বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে উভয় দেশের মধ্যে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছি।’

সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত হিলি স্থল বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ২৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ ৭ দিন বন্ধ থাকবে। আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে পুনরায় হিলি স্থলবন্দর দিয়ে যথানিয়মে পণ্য আমদানি রপ্তানি স্বাভাবিকভাবে পুরোদমে শুরু হবে।

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। কিন্তু ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা ওসি মো. জাকারিয়া হোসেন বাসসকে নিশ্চিত করেন।

তিনি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত কার্যক্রম করতে পারবেন।

এসএইচ