কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন বন্ধ থাকবে ব্যাংক। তবে ঈদ উদযাপনের আগে পোশাক শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে সোমবার ও মঙ্গলবার অর্থাৎ ২৫ ও ২৬ মে শিল্পাঞ্চলের ব্যাংক শাখাগুলো খোলা থাকবে।
ঢাকা মহানগরীসহ আশুলিয়া, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় এসব শাখা সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করবে। যেখানে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং অফিস চলবে বিকেল ৩টা পর্যন্ত।
এছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখাগুলো ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সীমিত আকারে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঈদের ছুটির আগে ২৩ ও ২৪ মে সারা দেশে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে ব্যাংকিং কার্যক্রম।





