দুই সপ্তাহের ব্যবধানে তেলের দাম বেড়েছে ৭ শতাংশের বেশি

প্রতীকী ছবি
বিদেশে এখন , বিশ্ব অর্থনীতি
অর্থনীতি
0

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বেড়েছে জ্বালানির তেলের দাম। দুই সপ্তাহের ব্যবধানে বেড়েছে ৭ শতাংশের বেশি। দুই দেশের সমঝোতা স্মারক ও যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কায় অস্থিরতা দেখা দিয়েছে জ্বালানির বাজারে। এর প্রভাবে কমেছে স্বর্ণ ও রূপার দাম। এদিকে, নেতিবাচক প্রভাব পড়েছে মার্কিন শেয়ার বাজারেও।

দীর্ঘ ৪ মাসের যুদ্ধের পর সংঘাত বন্ধে গেল ১৭ জুন একটি সমঝোতায় পৌঁছায় ইরান ও যুক্তরাষ্ট্র। যদিও, এক মাস না যেতেই তা ভেস্তে যেতে বসেছে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে নড়বড়ে করে দিয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় ইরান। এদিকে যুক্তরাষ্ট্র বলছে হরমুজের ওপর ইরানের আধিপত্য দূর করাই তাদের অন্যতম লক্ষ্য।

নতুন ইরানের কয়েকটি শহরে নতুন করে হামলার পর ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। এছাড়াও, বিশ্ববাজারে ইরানের তেল বিক্রির সুবিধা তুলে নেয় যুক্তরাষ্ট্র। এর জেরে অস্থিরতা শুরু হয়েছে বৈশ্বিক জ্বালানি খাতে। হরমুজ প্রণালি চালু না হওয়ার শঙ্কায় লাফিয়ে বাড়ছে তেলের দাম।

একদিনের ব্যবধানে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১ শতাংশ বেড়ে ব্যারেল-প্রতি দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৮ মার্কিন ডলারে। যা গেল দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এ সময়ের মধ্যে জ্বালানির দাম বেড়েছে প্রায় ৭ শতাংশ।

এদিকে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে সংঘাতের জেরে যুক্তরাষ্ট্রে উচ্চ মুদ্রাস্ফীতি এবং সুদের হার বাড়ার উদ্বেগ দেখা দিয়েছে। এরে জেরে আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম। মূল্যবান ধাতু স্বর্ণকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটি সুরক্ষা হিসেবে বিবেচনা করা হয়। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে মার্কেটে একদিনের ব্যবধানে স্বর্ণের দাম ১ দশমিক ৮ এবং রুপার দাম সাড়ে ৪ শতাংশ কমেছে।

নতুন করে ইরান-যুক্তরাষ্ট্রের হামলায় নেতিবাচক প্রভাব পড়েছে মার্কিন শেয়ার বাজারেও। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের প্রায় সব সূচকই নিম্নমুখী। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় কোম্পানি মাইক্রোসফট, অ্যামাজন এবং অ্যালফাবেটের শেয়ারের দরও কমেছে।

ইএ