ডেঙ্গুতে মারা গেলেন আরও ৫ জন

এডিস মশা
স্বাস্থ্য
0

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর মোট ১০৭ জনের মৃত্যু হলো।

এছাড়া নতুন এক হাজার ১১০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৭৪০ জন।

আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।

মোট মারা যাওয়া ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ১০৭ জনের মধ্যে নারী ৫৯ জন বা ৫৫ দশমিক ১ শতাংশ এবং পুরুষ ৪৮ জন বা ৪৪ দশমিক ৯ শতাংশ।

ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ৩৬, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ১৫ ও সিটি করপোরেশনের বাইরে তিনজন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে খুলনায় ১৮, ময়মনসিংহে ১২, বরিশালে ১০, চট্টগ্রামে সাত, রাজশাহীতে চার এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।

এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ২৮০ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৫ হাজার ৪৩৩ জন।

এসএস