সপ্তাহজুড়ে চলা উদ্বেগ আর উৎকণ্ঠার পর শেষমেশ পাওয়া গেল দুঃসংবাদ। ফ্লোরিডার ট্যাম্পা বে-র হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতুর ওপর থেকে উদ্ধার করা হলো ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার মেধাবী ছাত্র জামিল লিমনের মরদেহ। গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়া এই বাংলাদেশি শিক্ষার্থীর পরিণতি যে এমন হবে, তা ভাবেননি কেউই। হিলসবোরো কাউন্টি শেরিফ চ্যাড ক্রনিস্টার নিশ্চিত করেছেন, মরদেহটি লিমনেরই।
এদিকে লিমনের মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যেই বড় অগ্রগতি হয় তদন্তে। লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম সালেহ আবুঘারবেইহকে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশের দাবি, ক্যাম্পাসের কাছেই একটি বাড়িতে সহিংসতার খবর পেয়ে অভিযান চালায় সোয়াট টিম। সেখানে নিজেকে অবরুদ্ধ করে রাখলেও পরে আত্মসমর্পণ করেন হিশাম। তার বিরুদ্ধে মরদেহ গোপন করা, প্রমাণ নষ্ট করা এবং সহিংসতার মতো একাধিক অভিযোগ আনা হয়েছে।
লিমন এবং বৃষ্টি দুজনই ছিলেন বাংলাদেশ থেকে আসা পিএইচডি শিক্ষার্থী। ভালো বন্ধু ছিলেন দুজনই । ১৬ এপ্রিল ক্যাম্পাস থেকে রহস্যজনকভাবে উধাও হওয়ার পর থেকেই খোঁজ চালাচ্ছিল এফবিআই ও স্থানীয় পুলিশ। পরে ফ্লোরিডা পুলিশ নিখোঁজের ঘটনাটিকে বিপদগ্রস্ত হিসেবে সতর্কতা জারি করে। এর অর্থ দাঁড়ায় তারা দুজনেই বিপদে পড়েছেন।
আরও পড়ুন:
এর একদিন পর সন্দেহভাজন রুমমেটকে আটক করার পর জামিল লিমনের মরদেহের হদিস মেলে। এ পরিস্থিতিতে বৃষ্টিকে খুঁজে বের করতে সব ধরনের প্রযুক্তিগত ও তল্লাশি অভিযান অব্যাহত রাখে পুলিশ। যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন, ‘আমার নিজের সঙ্গেই কথা হয়েছে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সঙ্গে। তিনি আশ্বস্ত করেছেন আমাদের এখান থেকে যে অনুযায়ী চাওয়া হবে, পরিবারের যা চাওয়া থাকবে সেই অনুযায়ী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সর্বতোভাবে সহায়তা করবে।’
জামিল লিমনের মৃত্যু নিশ্চিতের কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য দেন দিন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের পুলিশ তাকে ফোন করে এ মৃত্যুর খবর দিয়েছে। বাসার ভেতরে রক্তের মধ্যে পাওয়া মৃতদেহের একটি অংশের সঙ্গে ডিএনএ মিল পাওয়া গেছে।
এদিকে, হিলসবোরো কাউন্টি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রুমমেট শুরুতে তদন্তে সহায়তা করলেও বর্তমানে মুখ খুলছেন না। জামিল লিমনের ময়নাতদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে।





