যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে

পররাষ্ট্র মন্ত্রণালয়
দেশে এখন
প্রবাস
0

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট এ লক্ষ্যে কাজ করছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ (রোববার, ২৬ এ‌প্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানায়। প্রাথমিকভাবে ফ্লোরিডার টাম্পা থেকে দুবাই হয়ে মরদেহ আনার পরিকল্পনা করা হলেও পরিবহনে সীমাবদ্ধতা থাকায় বিকল্প রুটের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়।

সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তদন্তকারী সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ ও ধারাবাহিক যোগাযোগ বজায় রেখে আসছে।

এরইমধ্যে জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট মরদেহটি দ্রুততম সময়ে বাংলাদেশে ফিরিয়ে আনার লক্ষ্যে স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। বর্তমান প্রেক্ষাপটে, এ মুহূর্তে ফ্লোরিডার টাম্পা থেকে দুবাই হয়ে মরদেহ পরিবহনে সীমাবদ্ধতা থাকায় বিকল্প রুটে সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে আরও জানা‌নো হয়, অপরদিকে, নাহিদা সুলতানা বৃষ্টি সম্পর্কে আরও তথ্য প্রাপ্তির জন্য দূতাবাস সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিস্থ কনস্যুলেট জেনারেল শোকসন্তপ্ত পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

মার্কিন তদন্তকারী সংস্থা হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস দূতাবাসকে অবহিত করেছে যে, এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক সন্দেহভাজন ব্যক্তিকে ইতোমধ্যে আটক করেছে এবং তার বিরুদ্ধে দুটি প্রথম-শ্রেণির হত্যামামলা দায়ের করা হয়েছে। তদন্ত সক্রিয়ভাবে চলমান থাকায় শেরিফ অফিস এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশে অপারগতা জানিয়েছে এবং পরবর্তী পদক্ষেপগুলো সরাসরি ভুক্তভোগী পরিবারের সঙ্গে সমন্বয় করার আশ্বাস দিয়েছে।

বাংলাদেশ সরকার এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করছে এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের স‌ঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করছে।

এএইচ