মালয়েশিয়ায় ‘নিষ্ঠুর বাস্তবতায়’ বাংলাদেশি প্রবাসীরা; দিন কাটছে অর্ধাহারে-অনাহারে

মালয়েশিয়া
মালয়েশিয়ার প্রবাসীরা
প্রবাস
0

পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি জমিয়েছেন। তবে সেই হাসি ম্লান হয়ে অনেকের জন্য দুঃস্বপ্নে রূপ নিয়েছে। মাসের পর মাস বেতন না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ। এমন সমস্যা সমাধানে দেশটির শ্রম বিভাগ ও বাংলাদেশ হাইকমিশন একযোগে কাজ করছে বলে আশ্বস্ত করা হয়েছে।

অভিযোগ রয়েছে, মালয়েশিয়ার এসস্টার ভিশন কোম্পানি অধীনে থাকা ৫০ জনের বেশি বাংলাদেশি কর্মী ৩ থেকে ৮ মাসের বেতন পাচ্ছেন না। এ নিয়ে দেশটির শ্রম বিভাগে একাধিক অভিযোগও দেয়া হয়েছে।

গত মার্চে দেশটির মানবসম্পদমন্ত্রী আর রামনান জানান, যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত বকেয়া পরিশোধের নির্দেশ দিয়েছিলেন। তবু ‘মন গলছে না’ কোম্পানির মালিকপক্ষের।

এদিকে, ৮ মাসের বকেয়া বেতন না পেয়ে মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা।

পরিবারের মুখে হাসি ফোটাতে এসে এখন নিজেরাই আছেন অর্ধাহারে-অনাহারে। জানাচ্ছিলেন, বাধ্য হয়ে দেশ থেকে টাকা এনে দেশে ফিরেছেন কেউ কেউ। অনেকের ভিসাও নবায়ন হয়নি। এছাড়া, অসুস্থ হলে অর্থাভাবে যথাযথ চিকিৎসা নিতেও পারছেন না।

এ দুঃসহ নিষ্ঠুর বাস্তবতা থেকে বাঁচতে এভাবেই আকুতি জানান মালয়েশিয়া প্রবাসীরা।

আরও পড়ুন

শ্রম বিভাগের তথ্য অনুযায়ী, বকেয়া বেতনের পরিমাণ ৩ লাখ ৩৫ হাজার রিঙ্গিতের বেশি। কর্মীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে কঠোর নজরদারি এবং আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির শ্রম বিভাগ। মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানিয়েছে হাইকমিশনের শ্রম উইং।

মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনার মিনিস্টার মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘তাদের সমস্যাগুলো সমাধানে কাজ করা হচ্ছে।’

এদিকে, প্রবাসীদের বকেয়া বেতন আদায় ও পুনর্বাসনের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছে মাইগ্রান্ট ওয়েলফেয়ার নেটওয়ার্ক।

জেআর