পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিউ জার্সির পেটারসন শহর সেজেছে অন্যরূপে। বাংলাদেশি অধ্যুষিত এ শহরে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার বিশাল জামাত। অংশ নেন এক হাজারেরও বেশি মুসল্লি।
বাংলাদেশিদের আয়োজনে ঈদের জামাত অনুষ্ঠিত হয় বেশ কয়েকটি জায়গায়। খুলে দেয়া হয় পেটারসন শহরের একটি চার্চের প্রাঙ্গণও।
প্রবাসী বাংলাদেশিরা মনে করেন, কোরবানি থেকে সবারই ত্যাগের শিক্ষা নেয়া উচিত। দেশ-বিদেশের সব মুসলিমদের প্রতি শুভেচ্ছা জানান তারা।
আরও পড়ুন:
শুধু পেটারসনই নয়, নিউ ইয়র্কসহ বাংলাদেশি ও মুসলিম অধ্যুষিত যুক্তরাষ্ট্রের প্রায় সব শহরেই ছিলো এমন চিত্র— যেন এক টুকরো বাংলাদেশ। জ্যাকসন হাইটস, জ্যামাইকা কিংবা ব্রঙ্কসের অলিগলিতেও যেন ঢাকার চিরচেনা রূপ।
এক প্রবাসী বাংলাদেশি মুসলিম জানান, তারা দেশের সবার জন্য ও সব প্রবাসীদের জন্য দোয়া করেছেন।
মিশিগানের কনকনে বাতাস কিংবা টেক্সাসের তপ্ত রোদ, সবখানেই প্রবাসী বাংলাদেশিরা মেতে ওঠেন ঈদের আনন্দে।
দেশের মতো হাটে গিয়ে গরু কেনার সেই চিরচেনা শোরগোল এখানে না থাকলেও প্রবাসে পশু কোরবানি কিংবা ঈদের আনন্দ অনেকটাই আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকা আবেগ শতভাগ খাঁটি বাংলাদেশি।





