বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি ফুটিয়ে তুলতে রোমে আয়োজিত হলো বৈশাখি মেলা

রোমে আয়োজিত হলো বৈশাখি মেলা
প্রবাস
0

বৈশাখি হাওয়া এখনো বইছে ইউরোপের দেশ ইতালিতে। বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে দেশটির রোমে ৪ দিনের বৈশাখি মেলা অনুষ্ঠিত হয়েছে। কর্মজীবনের ব্যস্ততা ভুলে এ আয়োজনে যোগ দেন রোমসহ ইতালির বিভিন্ন শহর থেকে আসা হাজারো প্রবাসী। নানা আয়োজনে মেলা প্রাঙ্গণ রূপ নেয় এক টুকরো বাংলাদেশে।

এ দৃশ্য রমনার বটমূল কিংবা বাংলাদেশের কোনো গ্রামের নয়। এটি ইতালির ঐতিহাসিক শহর রোমের কেন্দ্রস্থল। প্রবাসের কর্মব্যস্ত জীবনে বৈশাখ আর বাঙালির অনন্য সংস্কৃতি ফুটিয়ে তুলতে বর্ণিল আয়োজন।

সম্প্রতি ইতালির সামাজিক সংগঠন ধুমকেতুর আয়োজনে ৪ দিনব্যাপী বৈশাখি আয়োজনে মাতেন ইতালিতে বসবাসরত কয়েক হাজার বাংলাদেশি। দেশিয় পোশাক আর ইতিহাস ঐতিহ্যের মিশেলে মেলা প্রাঙ্গণ পরিণত হয় মিলনমেলায়।

আয়োজনে অংশ নেয়া প্রবাসীরা জানান, সেখানে অনেক মানুষের অংশগ্রহণে বর্ণিল অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। তারা এমন অনুষ্ঠানে অংশ নিতে পেরে আনন্দিত।

মেলার মূল আকর্ষণ ছিলো স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশিয় গানের সুরের মূর্ছনায় উজ্জীবিত হয়ে ওঠেন প্রবাসীরা।

আরও পড়ুন:

এছাড়াও মেলায় ছিল চটপটি, ফুচকা ঝালমুড়িসহ দেশীয় খাবারের আয়োজন। ছিল বাঙালি ঐতিহ্যবাহী পোশাকের স্টল। হাতের কাছেই দেশীয় পণ্য কেনার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসীরা।

আয়োজকরা জানান, এখানে চটপটি ফুচকার দোকান দেয়া হয়েছে। পাশাপাশি রয়েছে দেশিয় পোশাকের দোকান।

আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালির সংস্কৃতিকে তুলে ধরতেই এই আয়োজন।

ইতালির ধুমকেতু সোশ্যাল অর্গানাইজেশন প্রধান আয়োজক ও কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু বলেন, ‘আমরা গর্বিত। আমাদের সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, তারা আমাদের সংস্কৃতির সঙ্গে বড় হবে এটিই আমরা চাই। একই সঙ্গে আমরা মনে করি আমাদের প্রজন্ম যেন আমাদের অরিজিন না ভুলে যায়।’

কয়েক দশক ধরে অনুষ্ঠিত এই বৈশাখি মেলা ফের মনে করে দিল, বিদেশে থাকলেও প্রবাসীদের মন পড়ে থাকে লাল-সবুজের বাংলাদেশেই।

এফএস