ফটিকছড়ির সুয়াবিলের সুউচ্চ পাহাড়ের চূড়াতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হান নতুন করে আস্তানা গেড়েছে বলে জানায় পুলিশ। সেখানে অভিযান চালিয়ে রায়হানকে আটক করতে না পারলেও অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারের দাবি পুলিশের।
রায়হানকে ধরতে পুলিশ ওই আস্তানায় অভিযান চালানোর পর পুলিশের চোখ ফাঁকি দিয়ে লোকালয়ে নেমে পড়ে সে। তারপর সিএনজি অটোরিকশা যোগে পালানোর সময় স্থানীয়রা সন্দেহ করলে এলোপাথাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায় রায়হান। এরপর এক এএসপিকে ফোন করে জানায়, পুলিশের চোখের সামনে দিয়ে সাইকেল চালিয়ে পালিয়েছে সে। ফোনে রসিকতাও করে এ সন্ত্রাসী।
মোবাইল ফোনে রায়হান বলেন, ‘আপনি আজকে আমারে আর কই পাচ্ছেন? আমি তো আমি তো হাওয়া হয়ে গেছি। আপনার গাড়ি তো আমার পাশ দিয়ে গেছে, আমি তো সাইকেল চালায় চলে গেছি। সাইকেল চালায় চলে গেছি, আপনি তো আর চিনেন নাই।’
পুলিশ জানায়, বিদেশে পলাতক বড় সাজ্জাতের বাহিনী এ পুরো এলাকা নিয়ন্ত্রণ করে। এরই মধ্যে বড় সাজ্জাতের অন্যতম সহযোগী ছোট সাজ্জাত, ডেভিড, ইমন, গলাকাটা মোবারককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে রায়হানকে চারবার কাছে পেয়েও ধরতে পারেনি।
চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘ফটিকছড়ি রাউজান এলাকায় যেহেতু প্রাকৃতিকভাবেই কিছু এডভান্টেজ ওরা পায়, এ এডভান্টেজ পাওয়ার কারণে আমরা ওইখানে আসলে আমরা ওই লেভেলে অপারেশন করার মতো ওইরকম আমাদের যে লজিস্টিক সাপোর্ট দরকার, সে সাপোর্টগুলো আমাদের নাই। তো এটা একটা বড় সমস্যা। তারপরও আমরা চেষ্টা করতেছি যেভাবেই হোক, এটা মানে আজ হোক আর কাল হোক তাকে তো আইনের আওতায় আসতে হবে।’
গত মঙ্গলবার ফটিকছড়িতে তিনজনকে গুলি করার ঘটনার পরপরই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজে গুলি করার কথা স্বীকার করে রায়হান। গত দুই বছরেরও বেশি সময় ধরে অশান্ত রাউজান, হাটহাজারী, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি। একের পর এক গোলাগুলি আর ৩২টিরও বেশি হত্যাকাণ্ড ভাবিয়ে তুলেছে স্থানীয়দের।
স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘পরপর দুদিনে যেই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, এতে ফটিকছড়ির সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।’
অন্য একজন বলেন, ‘কতিপয় ব্যক্তি, দুষ্কৃতিকারী যারা এসবগুলোর সঙ্গে জড়িত, সে যেই দল হোক, যেই গোত্রের হোক, যেই গোষ্ঠীর হোক, তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেয়া হয়, এটা আমাদের উদাত্ত আহ্বান থাকবে।’
পুলিশের দাবি, চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল হওয়ায় অপরাধীরা সহজেই পাহাড়ে আশ্রয় নেয়। সেখানে অভিযান চালানো কঠিন আর এটিই অপরাধীদের বড় সুবিধা।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শামসুল হক বলেন, ‘এখনও কিন্তু যে আগের কি ছিল, এখন কি হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। তবে আমরা কিন্তু এতে সন্তুষ্ট না। সন্তুষ্ট না বলতে যে আমরা সবসময় মনে করি যে আরও ভালো হওয়ার সুযোগ আছে। তো আমরা কিন্তু সে লক্ষ্যেই কাজ করছি।’
পুলিশ জানিয়েছে, গত ছয় মাসে অন্তত ৫৬ জন দাগি আসামিকে গ্রেপ্তার করেছে তারা। এছাড়াও অপরাধীদের বিভিন্ন আস্তানা গুঁড়িয়ে দেয়াসহ বিপুল অস্ত্রও উদ্ধার করেছে।





