কারিগরি ত্রুটিতে ফেসবুক অচল; বিশ্বজুড়ে ভোগান্তিতে ব্যবহারকারী

ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, ইউটিউব, ফেসবুক, টুইচ এবং রেডিট অ্যাপ্লিকেশন
তথ্য-প্রযুক্তি
1

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বড় ধরনের কারিগরি বিভ্রাটের মুখে পড়েছে। বিশ্বজুড়ে হাজার হাজার ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে সমস্যার কথা জানিয়েছেন। বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ইজডাউন’-এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০-এর বেশি ব্যবহারকারী অভিযোগ জমা দিয়েছেন। একই সঙ্গে আজ (শুক্রবার, ১২ জুন) বিকেল পর্যন্ত সাইটটি ফেসবুকে সক্রিয় সমস্যার উপস্থিতি শনাক্ত করেছে। ইউনিল্যাড প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইজডাউন ২০২৩ সালের জানুয়ারি থেকে ফেসবুকের পরিষেবার ওপর নজর রাখছে এবং এ পর্যন্ত ১৩৭টি বিভ্রাটের ঘটনা শনাক্ত করেছে।

অধিকাংশ ব্যবহারকারীর ক্ষেত্রে সেশন হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে এবং তারা স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ থেকে বের হয়ে যাচ্ছেন। ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারকারীরা জানিয়েছেন, তাদের হঠাৎ ‘লগ আউট’ করে দেয়া হচ্ছে। পুনরায় লগইন করার চেষ্টা করলে ‘আনএক্সপেক্টেড এরর’ বা সাদা পর্দা দেখাচ্ছে। ইনস্টাগ্রামের ক্ষেত্রে মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট কোনোটাই রিফ্রেশ করা যাচ্ছে না; বরং ‘সামথিং ওয়েন্ট রং’ বার্তা দেখাচ্ছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বার্তা আদান-প্রদানের ক্ষেত্রে সমস্যার মুখে পড়েছেন।

মেটার মূল ধারার অ্যাপগুলোর জন্য কোনো পাবলিক স্ট্যাটাস ড্যাশবোর্ড না থাকায় বিভ্রান্ত ব্যবহারকারীরা পরিস্থিতির খবর নিতে এক্সের (সাবেক টুইটার) মতো বিকল্প প্ল্যাটফর্মগুলোতে ভিড় করছেন। কোটি কোটি মানুষের এই আকস্মিক চাপে স্বতন্ত্র বিভ্রাট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোও স্থিতিশীলতা বজায় রাখতে হিমশিম খাচ্ছে।

ঠিক কী কারণে এই বিভ্রাটের সৃষ্টি হয়েছে, কতক্ষণ ধরে এটি চলছে অথবা কখন নাগাদ পরিষেবা স্বাভাবিক হবে, সে সম্পর্কে এখনো পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হয়নি।

এএম