অপেরার অ্যান্ড্রয়েড ব্রাউজারে মিলছে ই-সিম ও ৩ জিবি ডাটা

অপেরা ব্রাউজার
তথ্য-প্রযুক্তি
0

অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অপেরা ব্রাউজার অ্যাপে বিনামূল্যে ই-সিম ও ৩ গিগাবাইট ফাইভজি ডাটা ব্যবহারের সুবিধা যুক্ত হয়েছে। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে মোবাইল ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা যাবে। এর মাধ্যমে অন্য কোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টে সিল পড়া এবং বারবার রোমিং সুবিধার জন্য সিম কার্ড বদলের ঝামেলা অনেকটাই কমবে। এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

এ ডিজিটাল সিম কার্ডটি সরাসরি ব্রাউজারের ভেতরেই সংযুক্ত থাকায় বিদেশে গিয়ে প্লাস্টিকের ফিজিক্যাল সিম পরিবর্তন না করেই স্থানীয় নেটওয়ার্কের সঙ্গে সহজে যুক্ত হওয়া যাবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, ব্রাউজারের ভেতরে ইন-বিল্ট অবস্থায় থাকলেও অপেরার এ ই-সিম পুরো ফোন জুড়েই ইন্টারনেট সুবিধা প্রদান করে। ফলে ব্যবহারকারীরা অতিরিক্ত কোনো আন্তর্জাতিক রোমিং ফি ছাড়াই মোবাইলের অন্যান্য সব অ্যাপ স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবেন। তবে ই-সিম সম্পর্কিত যাবতীয় সেটিংস ও নিয়ন্ত্রণ অপেরা ব্রাউজার অ্যাপের ভেতর থেকেই পরিচালনা করতে হবে।

তবে এ সুবিধার ক্ষেত্রে বেশ কিছু শর্ত ও সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত, ৩ জিবি ডাটা বেশ দ্রুতই শেষ হয়ে যেতে পারে—বিশেষ করে ভ্রমণের সময় ট্রেনে বসে ইউটিউবে ভিডিও দেখলে ডাটা দ্রুত ফুরিয়ে যাবে।

দ্বিতীয়ত, সংযোগটি সক্রিয় করার ঠিক তিন দিন পর ফ্রি ডাটার মেয়াদ শেষ হয়ে যাবে; অথচ সাধারণত আন্তর্জাতিক ভ্রমণের সময়সীমা তিন দিনের চেয়ে বেশি দীর্ঘ হয়। প্রাথমিক ৩ জিবি ডাটা শেষ হয়ে গেলে ব্যবহারকারীরা যাতে অতিরিক্ত ডাটা কিনতে পারেন, সেজন্য অপেরা বেশ কয়েকটি পেইড প্ল্যানও উন্মুক্ত রেখেছে।

সুবিধার দিক থেকে এতে কোনো আগাম চুক্তি বা বাধ্যবাধকতা নেই। অপেরা জানিয়েছে, ই-সিম চালু করতে বা বিনামূল্যে ৩ জিবি ডাটা পেতে ব্যবহারকারীদের কোনো পেমেন্ট বা ক্রেডিট কার্ডের তথ্য দিতে হবে না; ফ্রি ডাটা ফুরিয়ে যাওয়ার পরেই কেবল অর্থ পরিশোধের বিষয়টি আসবে।

তাছাড়া ডিজিটাল উপায়েও এ ই-সিম বারবার পরিবর্তন করার প্রয়োজন নেই, কারণ একটি ই-সিম দিয়েই বিশ্বের ৪৭টি দেশে নেটওয়ার্ক সেবা পাওয়া যাবে। এর মধ্যে থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো দেশও রয়েছে।

যদিও ই-সিমটি বিশ্বের অনেক দেশে ব্যবহারযোগ্য, তবে বিনামূল্যের ৩ জিবি ডাটা সুবিধাটি কেবল নির্দিষ্ট কিছু দেশের বাসিন্দাদের জন্য সীমাবদ্ধ করা হয়েছে। শুধু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং পোল্যান্ডে অবস্থানরত ব্যবহারকারীরা এ ফ্রি ডাটা পাবেন।

বিনামূল্যে পাওয়া ডাটা শেষ হয়ে গেলে ৩ জিবি, ৫ জিবি এবং ১০ জিবি ভ্যারিয়েন্টের অতিরিক্ত ডাটা প্ল্যান কেনা যাবে।

কারিগরি যোগ্যতার দিক থেকে এ ফিচারটি ব্যবহারের জন্য ফোনটিতে অবশ্যই অ্যান্ড্রয়েড ১০ বা তার পরবর্তী অপারেটিং সিস্টেম থাকতে হবে। পাশাপাশি ডিভাইসটিকে ই-সিম সমর্থিত হতে হবে। সেই সঙ্গে কোনো নির্দিষ্ট মোবাইল অপারেটরের সঙ্গে লক থাকা যাবে না। আইওএস ব্যবহারকারীদের জন্য এ সুবিধাটি আনা হবে কি না সে বিষয়ে অপেরার পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

এএইচ