আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানসিটিকে বিক্রির চাপ

ম্যানচেস্টার সিটি
এখন মাঠে
0

আর্থিক অনিয়মের দায়ে ম্যানচেস্টার সিটি বিক্রির জন্য মালিকপক্ষকে বাধ্য করার প্রস্তাব দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের একাধিক ক্লাব কর্তৃপক্ষ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির কাছে এমনই প্রস্তাবনা রেখেছেন বেশ কিছু ক্লাব। এতে সমর্থন আছে আন্তর্জাতিক ফুটবল নিরীক্ষায় জড়িত সংস্থারও।

একদিকে মাঠের খেলায় শেষ ৭ ম্যাচে দুই জয়। টানা তিন ম্যাচে জয়ের খরা। আবার মাঠের বাইরে আর্থিক কেলেঙ্কারির চাপ। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির জন্য সময়টা একেবারেই ভালো যাচ্ছে না।

এবার তাতে নতুন করে যুক্ত হয়েছে মালিকানা সংক্রান্ত জটিলতা। ম্যানসিটির মালিকপক্ষকে ক্লাব বিক্রির জন্য বাধ্য করার দাবি জানিয়েছে প্রিমিয়ার লিগের বেশকিছু ক্লাব। আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে স্বাধীন কমিশনের রায়ে ক্লাবটি দোষী সাব্যস্ত হওয়ার পর এই দাবি অনেক বেশি জোরালো হয়ে উঠেছে। সবশেষে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির সঙ্গে আলাপেও এমন দাবিই তুলেছেন প্রিমিয়ার লিগের বেশ কিছু ক্লাবের মালিকপক্ষ।

বিবিসির সঙ্গে আলাপে ইন্টারন্যাশনাল ফুটবল রেগুলেটর প্রধান ডেভিড কোগান দাবি করেছেন, ম্যানচেস্টার সিটি ক্লাবের মালিকানা পরিবর্তনে বাধ্য করার মতো সাহস তার রয়েছে। নিজেদের সাংগঠনিক ক্ষমতার জেরে আইআরএফ যেকোনো ক্লাবের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনতে পারে। বিশেষ কিছু ক্ষেত্রে মালিকানা বিক্রিতেও বাধ্য করতে পারে সংস্থাটি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেই পরিকল্পনাতেই এগোতে চান সংস্থার প্রধান।

এর আগে গত সপ্তাহেই ম্যানচেস্টার সিটির বিপক্ষে আইনি লড়াইয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষকে সহায়তা করার কথা জানায় বেশ কিছু ক্লাব। যেকোনো আইনি লড়াইয়ে আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে রেখেছে তারা।

এদিকে ১১৪টি অপরাধ প্রমাণের পরেও এখন পর্যন্ত ম্যানসিটির বিপক্ষে কোনো শাস্তি ঘোষণা করেনি ইংলিশ প্রিমিয়ার লিগ বা ফুটবল অ্যাসোসিয়েশন। তবে, অন্যান্য ক্লাবগুলোর এমন দাবির পর নিজেদের সিদ্ধান্ত নেয়ার বেলাতেও ইপিএল কর্তৃপক্ষ চাপে পড়বে বলে মন্তব্য বিশ্লেষকদের।


জেআর