লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দক্ষিণাঞ্চলের কাওজাহ (কৌজাহ) শহরে ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন-ইউএনআইএফআইএলে নিয়োজিত ঘানিয়ান ব্যাটালিয়নের সদর দপ্তরে রাতের বেলায় গোলাবর্ষণ করা হয়। এতে তিন শান্তিরক্ষী আহত হন, তাদের একজনের অবস্থা গুরুতর। আহতদের চিকিৎসার জন্য বৈরুতের একটি হাসপাতালে নেয়া হয়েছে।
ঘটনার পরিস্থিতি এখনো ইউএনআইএফআইএল তদন্ত করছে জানিয়ে লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার ‘তীব্র নিন্দা’ জানিয়েছে। তারা বলেছে, এ ঘটনাটি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে বলেছে, জাতিসংঘ শান্তিরক্ষীদের লক্ষ্যবস্তু করা গ্রহণযোগ্য নয়। দক্ষিণ লেবাননে ইউএনআইএফআইএল ঘাঁটিতে হামলায় কয়েকজন ঘানিয়ান শান্তিরক্ষী আহত হওয়ার ঘটনায় তারা স্পষ্টভাবে নিন্দা জানিয়েছে এবং সব পক্ষকে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন:
এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও গতকাল (শুক্রবার, ৬ মার্চ) এ ঘটনার নিন্দা জানিয়েছেন বলে জানান সংস্থার মুখপাত্র স্টেফান দুজারিক। তিনি বলেন, ‘দক্ষিণ-পশ্চিম লেবাননের আল কাওজাহ এলাকায় নিজ অবস্থানে থাকা ইউএনআইএফআইএলের তিন ঘানিয়ান শান্তিরক্ষী এ ঘটনায় আহত হয়েছেন।’ দুজারিক আরও বলেন, ‘জাতিসংঘের কর্মী ও সম্পদের নিরাপত্তা সব সময় নিশ্চিত করতে হবে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। জাতিসংঘ স্থাপনাগুলোর অখণ্ডতা সবাইকে সম্মান করতে হবে।’
ঘানা জানিয়েছে, ‘তারা এ ঘটনায় জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে। অভিযোগে বলা হয়, দায়ীদের শনাক্ত করে জবাবদিহির আওতায় আনতে হবে, কারণ এ হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন, যা যুদ্ধাপরাধের শামিল এবং জাতিসংঘ শান্তিরক্ষা কর্মীদের প্রাপ্য সুরক্ষার পরিপন্থী।’




