পশ্চিমবঙ্গে উৎসবের আমেজে পহেলা বৈশাখ

পশ্চিমবঙ্গে পহেলা বৈশাখ উদযাপন
বিদেশে এখন
0

নতুন বছরের সূচনা, আর সেই সঙ্গে উৎসবের রঙে রঙিন পশ্চিমবঙ্গ। পহেলা বৈশাখ উপলক্ষে কলকাতাসহ রাজ্যজুড়ে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিয়েছেন মানুষ। ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে গোটা রাজ্য।

নববর্ষের প্রথম দিনকে ঘিরে পুরোনো হিসাব চুকিয়ে নতুন খাতা খোলার ঐতিহ্য ‘হালখাতা’ পালিত হয় ঘরে ঘরে ও ব্যবসা প্রতিষ্ঠানে। নতুন পোশাক, মিষ্টি আর পারিবারিক আয়োজনে দিনটি হয়ে ওঠে আনন্দঘন।

ভোর থেকেই কলকাতার কালীঘাট মন্দির, দক্ষিণেশ্বর কালী মন্দির, আদ্যাপীঠ ও তারাপীঠসহ বিভিন্ন মন্দিরে পূজা দিতে ভিড় করেন ভক্তরা। অনেক পরিবারেও পালিত হয় লক্ষ্মী-গণেশের পূজা।

পহেলা বৈশাখ উপলক্ষে শহরের ইন্ডিয়ান মিউজিয়াম সংলগ্ন পার্কস্ট্রিট থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, যা শেষ হয় একাডেমি অব ফাইন আর্টস প্রাঙ্গণে। দিনভর সেখানে গান, কবিতা, নাচ, নাটকসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দর্শনার্থীদের জন্য ছিল পান্তাভাত, মাছভাত, শুঁটকি ও ঐতিহ্যবাহী খাবারের আয়োজন।

আরও পড়ুন:

এদিকে দক্ষিণ কলকাতায় ‘মঙ্গল শোভাযাত্রা গবেষণা ও প্রসার সমিতি’র উদ্যোগে গাঙ্গুলি বাগান থেকে যাদবপুর পর্যন্ত বের হয় আরেকটি শোভাযাত্রা। মুখোশ, প্রতীকী প্রাণী, রঙিন ব্যানার আর নৃত্য পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। এবারের শোভাযাত্রায় ‘বাঙালির নাগরিকত্ব সংকট’ বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়।

তবে উৎসবের মাঝেও থেমে নেই রাজনীতি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের প্রার্থীরা জনসংযোগ ও প্রচারণা চালান নিজেদের মতো করে।

নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এক ভিডিও বার্তায় ভোটারদের উদ্দেশে দলকে সমর্থন দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘বাংলার ঐতিহ্য ও উন্নয়ন ধরে রাখতে তার নেতৃত্বে সরকার গঠনে সমর্থন জরুরি।’

এফএস