কংগ্রেসের লাল দুর্গে নীল ঝড়- রাজনীতির এসিড টেস্টে ক্ষমতাসীন রিপাবলিকানদের কুপোকাত করার পর ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আগাম প্রস্তুতি নেয়া শুরু করেছে ডেমোক্র্যাটরা। দলটির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে এখন পর্যন্ত শোনা যাচ্ছে ১০ নাম।
তালিকার শীর্ষে আছেন ২০২৪ সালে ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা কামালা হ্যারিস। জোর গুঞ্জন, ২০২৮ এর নির্বাচনে দ্বিতীয়বারের মতো দলের টিকিট পেতে চেষ্টা চালাচ্ছেন এই ভারতীয় বংশোদ্ভূত। গেল দুই মাসে নেভাডা, নিউ হ্যাম্পশায়ার, মিশিগানসহ ছয় অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থীদের সমর্থনে জনসমাবেশে অংশ নিয়ে লাইমলাইটে কামালা। দলটির একটি বড় অংশের কাছে দারুণ জনপ্রিয়ও তিনি।
মনোনয়নের দৌড়ের লাইমলাইটে আছেন ক্যালিফোর্নিয়ার বিদায়ী গভর্নর গ্যাভিন নিউসম। ট্রাম্পের বিভিন্ন নীতির তীব্র সমালোচনার মাধ্যমে শুধু যুক্তরাষ্ট্র নয়; বিশ্বেও পরিচিতি আছে নিউসমের। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে প্রাথমিকভাবে ইচ্ছে প্রকাশ করলেও গ্যাভিসনের সাফ বার্তা, কমলা আনুষ্ঠানিকভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলে; ভোটের লড়াই থেকে সরে যাবেন তিনি।
আগামী নির্বাচনে রিপাবলিকানদের টক্কর দেয়ার দৌড়ে আছেন ট্রাম্পের কট্টর সমালোচক ও জর্জিয়ার সিনেটর জন অসফও। মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে ৫৯ শতাংশের বেশি ভোট পেয়ে সিনেটর পদে পুনর্নির্বাচিত হয়েছেন ৩৯ বছর বয়সী জন অসফ। এরইমধ্যে দলের অভ্যন্তরে উদীয়মান তারকা হিসেবে যথেষ্ট খ্যাতি আছে তার। যদিও এখন পর্যন্ত হোয়াইট হাউজের মসনদের লড়াইয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বদ্বিতার ইচ্ছে প্রকাশ করেননি জন অসফ।
এছাড়া ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে ইলিনয়ের গভর্নর পিট বুটিজেজ, কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার, অ্যারিজোনার গভর্নর ও নাসার সাবেক নভোচারী মার্ক কেলির নাম। পাশাপাশি প্রগতিশীল প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে আলেকজান্দ্রিয়া ওকাসিও- কোর্তেজের নাম।
২০২৮ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে দলীয় অঙ্গরাজ্যভিত্তিক প্রাইমারি ইলেকশন শুরু করবে ডেমোক্র্যাটরা। আর হোয়াইট হাউজের মসনদের লড়াই ডেমোক্র্যাটদের প্রার্থী হচ্ছেন কে তা জানতে অপেক্ষা করতে হবে ২০২৮ এর জুলাই পর্যন্ত।





