যুদ্ধে চাকরি হারিয়েছেন ২০ লাখ মানুষ: ইরানের উপ শ্রমমন্ত্রী

ইরানের কারাজে হামলায় ক্ষতিগ্রস্ত বি-১ সেতু
বিদেশে এখন
0

চলমান যুদ্ধের প্রভাবে ইরানে ২০ লাখের বেশি মানুষ চাকরি হারিয়েছেন বলে জানিয়েছেন দেশটির উপ শ্রমমন্ত্রী গোলাম হোসেন মোহাম্মদী। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় আগে থেকেই নাজুক অবস্থায় থাকা দেশটির অর্থনীতি এই যুদ্ধের কারণে গভীর সংকটে পড়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির শ্রম উপমন্ত্রী এবং কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সংস্থার প্রধান গোলাম হোসেন মোহাম্মদী জানিয়েছেন, যুদ্ধের প্রাথমিক প্রভাবে ১০ লাখ মানুষ সরাসরি কাজ হারিয়েছেন। সব মিলিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেকার হয়ে পড়েছেন ২০ লাখ মানুষ।

আরও পড়ুন:

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের তেল-গ্যাস ক্ষেত্র, পেট্রোকেমিক্যাল শিল্প, ইস্পাত ও অ্যালুমিনিয়াম কারখানাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট বা সংযোগ বিচ্ছিন্ন থাকায় ডিজিটাল অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। ইরানের সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের সাবেক অর্থনীতিবিদ হাদি কাহালজাদেহ আশঙ্কা করছেন, দেশটির মোট জনশক্তির প্রায় অর্ধেক বা ১ কোটি থেকে ১ কোটি ২০ লাখ মানুষের কর্মসংস্থান এখন ঝুঁকির মুখে।

এই পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও শিল্পপ্রতিষ্ঠান পুনর্গঠনের লক্ষ্যে সরকার নতুন প্রশিক্ষণ ও নিয়োগ কর্মসূচি শুরু করেছে বলে জানিয়েছেন গোলাম হোসেন মোহাম্মদী। তিনি বলেন, ‘এ বছর আমাদের লক্ষ্য শুধু সংখ্যা নয়, বরং গুণগত মানের দিকে। পুনর্গঠন কাজ, নবায়নযোগ্য জ্বালানি ও ডিজিটাল অর্থনীতির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি।’

এএম