হরমুজে জাহাজ জব্দ ও হামলার পর আবারও বাড়লো তেলের দাম

মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতায় তেলের দাম বৃদ্ধির প্রতীকী ছবি
বিদেশে এখন
0

হরমুজ প্রণালিতে ইরানি বাহিনী কর্তৃক তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা ও জব্দের খবরের পর বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ার এ তথ্য পাওয়া গেছে বিবিসির প্রতিবেদনে।

অপরিশোধিত তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৩ ডলারের আশপাশে ঘোরাফেরা করছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম ব্যারেলপ্রতি ৯৪ ডলার ছাড়িয়ে গেছে।

গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার সুবিধার্থে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকেই তেলের বাজার কিছুটা অস্থির হয়ে ওঠে। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) হরমুজ প্রণালিতে লিবারিয়া ও পানামার পতাকাবাহী জাহাজ জব্দের খবর আসার পর সেই অস্থিরতা আরও বেড়েছে।

আরও পড়ুন:

বিশ্লেষকরা বলছেন, একদিকে শান্তি আলোচনার তোড়জোড় চললেও অন্যদিকে কৌশলগত জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে এমন কড়াকড়ি ও সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ক্রেতারা বেশি দামে তেল মজুদ করতে শুরু করেছেন, যার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক তেলের মূল্যে।

এএম