ইরানে দুই প্রদেশে আইআরজিসির অভিযান, গ্রেপ্তার ২৪০

ইরানের বিপ্লবী গার্ড
বিদেশে এখন
0

ইরানের কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে পৃথক অভিযানে অন্তত ২৪০ জনকে গ্রেপ্তার করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)। আজ (শনিবার, ২৫ এপ্রিল) ইরানের আধা-সরকারি মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, কুর্দিস্তান প্রদেশে আইআরজিসির অভিযানে একটি কুর্দি সশস্ত্র গোষ্ঠীর এক সদস্য নিহত হয়েছেন এবং ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। এছাড়া পৃথক অভিযানে আরও ৭০ জনকে গ্রেপ্তার করার দাবি করেছে আইআরজিসি।

অন্যদিকে কেরমানশাহ প্রদেশে ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইআরজিসির দাবি, গ্রেপ্তারকৃতরা ‘বিপ্লববিরোধী’ বিভিন্ন গোষ্ঠীর সদস্য। তাদের মধ্যে চারজন ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

একই সময়ে রাজধানী তেহরানের পুলিশ ক্ষেপণাস্ত্র হামলার তথ্য পাচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষেপণাস্ত্র আঘাত হানার স্থানগুলোর নথিপত্র সংগ্রহ করে ‘শত্রু নেটওয়ার্ক’-এর কাছে হস্তান্তর করেছেন।

গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলা উত্তেজনার মধ্যেই ইরান অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে এমন চিরুনি অভিযান চালাচ্ছে।

এএম