মূলত ‘আই স্ট্যান্ড উইথ ট্রাম্প ৪৭’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এই বিকৃত মানচিত্রটি শেয়ার করা হয়েছিল, যা পরে ট্রাম্প নিজের ওয়ালে প্রকাশ করেন। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই সরু কিন্তু গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে পরিবাহিত হয়। গত কয়েক মাস ধরে ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ জারি থাকা এবং সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কার মধ্যেই ট্রাম্পের এই আচরণ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
অবশ্য হরমুজ প্রণালিকে নিজের নামে ডাকার ঘটনা ট্রাম্পের জন্য এবারই প্রথম নয়। গত ২৭ মার্চ মিয়ামিতে এক বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেয়ার সময় তিনি বলেছিলেন, ‘ইরানকে ট্রাম্প প্রণালি—থুক্কু, হরমুজ প্রণালি খুলে দিতে হবে। দুঃখিত, আমি ভুল করে ফেলেছি।’ যদিও পরক্ষণেই কৌতুক করে তিনি যোগ করেছিলেন, ‘আমার ক্ষেত্রে কোনো কিছুই দুর্ঘটনাবশত ঘটে না।’
ট্রাম্পের এই উসকানিমূলক পোস্ট এমন এক সময়ে এলো যখন তিনি ইরানের ওপর নৌ-অবরোধ আরও কয়েক মাস চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তার এমন মন্তব্যের পর বিশ্ববাজারে তেলের দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।





