হরমুজ ও পরমাণু ইস্যুতে ল্যাভরভ-আরাঘচি আলাপ; শান্তি ফেরাতে মস্কোর তৎপরতা

সের্গেই ল্যাভরভ ও আব্বাস আরাঘচি
বিদেশে এখন
0

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তার ইরানি সমকক্ষ আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা এবং তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আজ (শনিবার, ২ মে) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আনাদুলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবৃতিতে বলা হয়, শুক্রবারের ওই আলাপে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করার বিষয়ে দুই নেতার মধ্যে মতবিনিময় হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আব্বাস আরাঘচির বৈঠকের ধারাবাহিকতায় এই ফোনালাপ অনুষ্ঠিত হলো। মধ্যপ্রাচ্য সংকট নিরসনে চলমান মধ্যস্থতা চেষ্টার প্রতি মস্কো তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ‘উভয় পক্ষ এই অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়া চালু করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।’

উল্লেখ্য, গত সোমবার পাকিস্তানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে রাশিয়া সফরে যান আরাঘচি। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই অঞ্চলে চরম অস্থিরতা বিরাজ করছে। পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল এবং ১১-১২ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের সরাসরি বৈঠক হয়। পরে পাকিস্তানের অনুরোধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ান। তবে ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালিতে ইরানি জাহাজের ওপর নৌ-অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র।

এএম