বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’—টেলিগ্রাফের প্রতিবেদন

ডোনাল্ড ট্রাম্প নামে পরিচিত অ্যালবিনো মহিষ
বিদেশে এখন
1

মাথার ওপর সোনালি চুলের বাহারি ঢং আর ভিন্নধর্মী রঙের কারণে নাম দেয়া হয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’। নারায়ণগঞ্জের এই অ্যালবিনো মহিষটি এখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেরও আলোচনার কেন্দ্রে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে, চার বছর বয়সী এক হাজার পাঁচশ পাউন্ড ওজনের এই বিশালাকায় প্রাণিটি আসন্ন ঈদুল আজহায় কোরবানি করা হবে।

গত মে মাস থেকেই নারায়ণগঞ্জের ওই খামারে মহিষটিকে একনজর দেখতে ভিড় করছেন অসংখ্য উৎসুক মানুষ। এমনকি নৌকাযোগে দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন এই ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে।

মহিষটির মালিক ৩৮ বছর বয়সী জিয়া উদ্দিন মৃধা জানান, তার ভাই মূলত প্রাণিটির চুলের অনন্য বৈশিষ্ট্যের কারণেই সাবেক মার্কিন প্রেসিডেন্টের নামে এর নামকরণ করেছেন। টেলিগ্রাফকে এক দর্শনার্থী বলেন, ‘মহিষটির চেহারার সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অদ্ভুত মিল রয়েছে; তাই এটি দেখতে আমার ভাতিজা এক ঘণ্টা নৌকা চালিয়ে এখানে এসেছে।’ তবে শখের এই মহিষটিকে বিদায় জানানোর সময় ঘনিয়ে এসেছে। বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় যে ১ কোটি ২০ লাখ পশু কোরবানি হওয়ার কথা রয়েছে, তার মধ্যে এই মহিষটিও রয়েছে।

গত এক বছর ধরে মহিষটির যত্ন নিচ্ছেন জিয়া উদ্দিন। শখের প্রাণিকে নিয়ে অনেক স্মৃতি থাকলেও কোরবানির ধর্মীয় বিধান পালনে তিনি অবিচল।

জিয়া উদ্দিন বলেন, ‘আমি নিশ্চিতভাবেই ডোনাল্ড ট্রাম্পকে মিস করবো। কিন্তু ত্যাগের মহিমাই হলো ঈদুল আজহার মূল চেতনা, আর সেই উদ্দেশ্যেই তাকে কোরবানি করার প্রস্তুতি নিয়েছি।’ আকর্ষণীয় গঠন ও অস্বাভাবিক গায়ের রঙের কারণে মহিষটি স্থানীয় পর্যায়ে রীতিমতো এক তারকায় পরিণত হয়েছে, যা এখন বিশ্বজুড়ে কৌতুহল সৃষ্টি করেছে।

এএম