স্থানীয় সময় (বৃহস্পতিবার, ১৮ জুন) বেলা ৩টা ৪০ মিনিটের দিকে এই গুলির ঘটনা ঘটে। ঠিক এর কিছুক্ষণ আগেই নিউ ইয়র্ক নিকসের এনবিএ চ্যাম্পিয়নশিপ জয় উপলক্ষে একটি বিজয় শোভাযাত্রা লোয়ার ম্যানহাটন এলাকা অতিক্রম করে। ওই শোভাযাত্রার জন্য নিউ ইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) ইতিহাসে সবচেয়ে বড় নিরাপত্তা বহর মোতায়েন করা হয়েছিল।
বর্তমানে ফিফা বিশ্বকাপ চলছে এবং এ উপলক্ষে নিউ ইয়র্ক শহরে দর্শনার্থী ও পর্যটকদের ব্যাপক ভিড়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে পর্যটক ও পথচারীরা প্রাণ বাঁচাতে এদিক-ওদিক দৌড়াদৌড়ি শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের একটি গাড়ির মাত্র কয়েক মিটার দূরে এই গুলির ঘটনা ঘটে। তবে সন্দেহভাজন ব্যক্তি বা তার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনো বিস্তারিত কিছু জানায়নি।
পাঁচ দিনের মধ্যে এটি টাইমস স্কয়ারে দ্বিতীয় গুলির ঘটনা। এর আগে গত ১৪ জুন একই এলাকায় নিকসের ৫৩ বছর পর এনবিএ শিরোপা জয়ের উদ্যাপন বিশৃঙ্খলায় রূপ নেয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ভোর ২টার দিকে ব্রডওয়ে ও ওয়েস্ট ৪৩তম সড়কের কোণায় দুই সন্দেহভাজন ভিড়ের মধ্যে গুলি ছুড়লে এক ১৭ বছর বয়সী কিশোর পায়ে গুলিবিদ্ধ হন। ভিড়ের কারণে অ্যাম্বুলেন্স পৌঁছাতে না পারায় পুলিশ তাকে নিজেদের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায়। তিনি এখন আশঙ্কামুক্ত।
ওই রাতের ঘটনায় বড় ধরনের বিশৃঙ্খলাও দেখা দিয়েছিল। নিউ জার্সিতে বিশ্বকাপের ম্যাচে দর্শকদের আনা-নেয়ার কাজে ব্যবহৃত মোট পাঁচটি স্কুল বাসে আগুন ধরিয়ে দেয়া হয় বা ধ্বংস করা হয়। ওই ঘটনায় মোট ৬৩ জনকে গ্রেপ্তার করা হয় এবং দশজন পুলিশ সদস্য আহত হন। চলমান ফিফা বিশ্বকাপের কয়েকটি ম্যাচ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। মাত্র পাঁচ দিনের ব্যবধানে টাইমস স্কয়ারে দুবার গুলির ঘটনা ঘটায় বিশ্বকাপ চলাকালীন জনসমাগমের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।





