চীনকে আর ঋণ দেবে না বিশ্বব্যাংক; নতুন অংশীদারত্বের ঘোষণা

বিশ্বব্যাংক
বিদেশে এখন
0

আগামী ২০৩১ সালের মধ্যে চীনকে সব ধরনের ঋণ দেয়া বন্ধ করার পরিকল্পনা করছে বিশ্বব্যাংক। সংস্থাটির নতুন ‘কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক’ বা দেশিয় অংশীদারত্ব কাঠামোর আওতায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল (মঙ্গলবার, ৩০ জুন) সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশ্বব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, গত কয়েক দশকে চীন উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে অসাধারণ সাফল্য দেখিয়েছে, যেখানে বিশ্বব্যাংকও সহায়তা করেছে। বর্তমানে চীনের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করে দুই পক্ষের সম্পর্কের এক নতুন ধাপে পৌঁছানোর সময় এসেছে। তিনি আরও বলেন, ‘চীনের উন্নয়নের অগ্রযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বব্যাংকের ভূমিকা এখন ঋণদাতার পরিবর্তে জ্ঞান বা প্রযুক্তিগত অংশীদার হিসেবে পরিবর্তিত হচ্ছে।’

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে বিশ্বব্যাংকের ঋণের পরিমাণ সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে কমছে। ২০১৭ সালে এই ঋণের পরিমাণ ছিল ২৪২ কোটি ডলার, যা ২০২৫ সালে মাত্র ৭৫ কোটি ডলারে নেমে এসেছে। অন্যদিকে, চীন এখন বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ)-এর অন্যতম বড় দাতা। স্বল্পোন্নত দেশগুলোর জন্য গঠিত এই তহবিলে ১৫০ কোটি ডলার অনুদান দিয়ে চীন বর্তমানে পঞ্চম বৃহত্তম দাতা দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে চীনকে ঋণ দেয়া বন্ধ করার জন্য বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছিলেন। দ্বিতীয় মেয়াদেও তিনি চীনের অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় কঠোর অবস্থান বজায় রেখেছেন। এর আগে গত ১৬ জুন বিশ্বব্যাংক পোল্যান্ডের ক্ষেত্রেও একই ধরনের পরিকল্পনা ঘোষণা করেছে, যেখানে ২০৩১ সালের মধ্যে দেশটিকে ঋণ দেয়া বন্ধ করে কেবল কারিগরি সহায়তা বজায় রাখা হবে।

এএম