সৌদি আরবের কাছে ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো
বিদেশে এখন
0

সৌদি আরবের কাছে নির্ভুল-লক্ষ্যভেদী রকেট সিস্টেম ও এ-সংক্রান্ত সরঞ্জাম বিক্রির সম্ভাব্য একটি চুক্তি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই চুক্তির আনুমানিক মূল্য ১৯৬ কোটি ডলার। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের কাছে অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির সম্ভাব্য এই ‘বিদেশি সামরিক বিক্রয়’ (এফএমএস) অনুমোদন দেয়া হয়েছে। এর মোট আনুমানিক মূল্য ১৯৬ কোটি ডলার।

মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরব ১০ হাজার পর্যন্ত অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম (এপিকেডব্লিউএস-২) আকাশ থেকে আকাশে ব্যবহারযোগ্য গাইডেন্স সেকশন এবং ১০ হাজার পর্যন্ত এপিকেডব্লিউএস-২ আকাশ থেকে ভূমিতে ব্যবহারযোগ্য গাইডেন্স সেকশন কেনার অনুরোধ জানিয়েছে।

আরও পড়ুন:

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রস্তাবিত এই বিক্রয়ের সঙ্গে আরও কিছু সামরিক সরঞ্জামও অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে রয়েছে এলএইউ-১৩১ এ/এ লঞ্চার, এমকে-১৫২ হাই এক্সপ্লোসিভ ওয়ারহেড, এমকে৬৬ রকেট মোটর, প্রক্সিমিটি ফিউজ, ডব্লিউটিইউ-১/বি প্র্যাকটিস ওয়ারহেড, ইনার্ট এমকে৬৬ রকেট মোটর, পরীক্ষামূলক সহায়ক সরঞ্জাম, উৎক্ষেপণ ও পরিচালন সরঞ্জাম এবং যন্ত্রাংশ।

এছাড়া প্রকাশনা ও কারিগরি নথিপত্র, কর্মী প্রশিক্ষণ, প্রশিক্ষণ সরঞ্জাম, পরিবহন, মার্কিন সরকার ও ঠিকাদার প্রকৌশল, কারিগরি ও লজিস্টিক সহায়তা সেবা এবং লজিস্টিকস ও কর্মসূচি সহায়তার অন্যান্য সংশ্লিষ্ট উপাদানও এই চুক্তির অন্তর্ভুক্ত থাকবে।

এএম