যুক্তরাষ্ট্রে শপিং এলাকায় গুলিতে নিহত ৩, হামলাকারীকে মৃত ঘোষণা

আইডাহোর টুইন ফলসে গুলির ঘটনায় উদ্ধারকর্মীরা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি শপিং এলাকায় বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। গতকাল (শনিবার, ১ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

টুইন ফলস শহরের মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলাকারীও নিহত হয়েছে। টুইন ফলস পুলিশপ্রধান ম্যাথিউ হিকস জানিয়েছেন, হামলাকারীর কারণে সৃষ্ট হুমকি এখন আর নেই।

স্থানীয় সময় শনিবার বেলা আড়াইটার দিকে (গ্রিনিচ মান সময় রাত সাড়ে ৮টা) ব্যস্ত বাণিজ্যিক এলাকায় ইন-এন-আউট বার্গার রেস্তোরাঁর কাছে গুলির ঘটনা ঘটে। শহরের জনসংযোগ সমন্বয়ক জোশ পালমার রয়টার্সকে এ তথ্য জানান।

পালমার বলেন, ঘটনার প্রায় এক ঘণ্টা পর নিশ্চিত হওয়া যায়, হামলাকারী আর হুমকি নয়। পরে তিনি জানান, হামলায় তিনজন নিহত হয়েছেন এবং অন্তত দুজন আহত হয়েছেন।

পুলিশপ্রধান হিকস বলেন, নিহত হামলাকারীর পরিচয় ও হামলার উদ্দেশ্য জানতে তদন্ত চলছে। ঘটনার পর ওই এলাকার সড়ক ও কাছের একটি সেতু বন্ধ করে দেয় পুলিশ।

টুইন ফলস শহরে প্রায় ৪৭ হাজার ৪০০ মানুষ বসবাস করেন। শহরটি যুক্তরাষ্ট্রের আইডাহোর কেন্দ্রীয় অঞ্চলের ম্যাজিক ভ্যালিতে অবস্থিত।

এএম