ফিলিপাইনে ভূমিধসে নিহত ৪; বিপর্যস্ত জনজীবন

টানা বৃষ্টিতে বিপর্যস্ত ফিলিপাইনের প্রধান দ্বীপ লুজন
বিদেশে এখন
0

ফিলিপাইনের উত্তরাঞ্চলে গ্রীষ্মমন্ডলীয় নিম্নচাপের প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টি ও ভূমিধসে অন্তত চারজন নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজধানী ম্যানিলাসহ উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে স্কুল ও সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দেশটির প্রধান দ্বীপ লুজানে গত চার দিন ধরে টানা বৃষ্টি চলছে। ম্যানিলা থেকে ছয় ঘণ্টার দূরত্বে অবস্থিত বেগুয়েত প্রদেশে বৃহস্পতিবার একটি পাহাড়ের একাংশ ধসে একটি ছোট রেস্তোরাঁর ওপর পড়ে। এতে রান্নাঘরে থাকা তিন কর্মী চাপা পড়েন। বেগুয়েত প্রাদেশিক পুলিশের কর্নেল ডিওনিসিও বোনয় জানান, উদ্ধার অভিযানে একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও অন্য দুজন ঘটনাস্থলেই মারা যান।

এদিকে দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, আগের দিন পাশের রিজাল প্রদেশে ভূমিধসে আরও দুজনের মৃত্যু হয়েছে। সরকারি আবহাওয়াবিদ জন মানালো জানান, নিম্নচাপটি বর্তমানে ফিলিপাইন সাগরের দিকে অগ্রসর হচ্ছে এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ৫৫ কিলোমিটার। তিনি সতর্ক করে বলেন, টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় বন্যা ও ভূমিধসের ঝুঁকি আরও বাড়তে পারে।

প্রশান্ত মহাসাগরীয় ঘূর্ণিঝড়প্রবণ অঞ্চলে অবস্থানের কারণে ফিলিপাইনে প্রতি বছর গড়ে ২০টি ঝড় বা টাইফুন আঘাত হানে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ ধরনের চরম আবহাওয়ার প্রকোপ ও তীব্রতা আগের চেয়ে অনেক বেড়ে গেছে।

এএম