যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বর্তমানে শুধু মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘনের জন্য ওয়াশিংটন সংশোধনী ব্যবস্থা না নেয়া পর্যন্ত আলোচনা পুনরায় শুরু করা সম্ভব নয় বলেও জানান তিনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইরানের সংবাদ সংস্থা মেহরের বরাত দিয়ে জানানো এই বক্তব্যে আরাঘচি বলেন, ‘আলোচনার পরিবেশ তৈরির জন্য মধ্যস্থতাকারীরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’ তবে যুক্তরাষ্ট্রের অভিযুক্ত সমঝোতা লঙ্ঘনের বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত আলোচনা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা নেই বলে পুনর্ব্যক্ত করেন তিনি।
আরাঘচি আরও বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের রুট পরিবর্তন একটি কারিগরি ও আইনি বিষয়। এর মানে এই নয় যে, প্রণালিটি পুরোপুরি খুলে দেয়া হয়েছে।