চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর থেকে দেশটির ঐতিহ্যবাহী ইরানপন্থি অবস্থান বদলাতে শুরু করেছে। ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র ওয়াশিংটনের সঙ্গে ভেনেজুয়েলা এখন সম্পর্ক জোরদার করছে।
বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগুয়েজের নেতৃত্বাধীন ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, গত জুনে দেশটিতে ভয়াবহ ভূমিকম্পের পর ইসরাইলের একটি মানবিক প্রতিনিধিদল সেখানে সফর করে। এরপর দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আলোচনার পথ ধরেই কনস্যুলার সেবা পুনরায় চালু করার এই সমঝোতা হয়।
ভেনেজুয়েলা সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ‘উভয় সরকার ইসরাইল রাষ্ট্র ও ভেনেজুয়েলার ইহুদি সম্প্রদায়ের মধ্যে সম্পর্কের গুরুত্বকে স্বীকৃতি দিচ্ছে। এই সম্পর্ক দুই দেশের মধ্যে বন্ধুত্বের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সেতু হিসেবে বিবেচিত।’ ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই বিবৃতি প্রকাশ করেছে।
উল্লেখ্য, ইরান বহু বছর ধরে ভেনেজুয়েলাকে মিত্র হিসেবে বিবেচনা করে এসেছে। বৈশ্বিক তেল উৎপাদনকারী এই দুই দেশই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়ে দীর্ঘদিন ধরে ভুগছে। কারাকাসে ওয়াশিংটনের সাম্প্রতিক হস্তক্ষেপেরও তীব্র নিন্দা জানিয়েছে তেহরান।





