হিমালয় অঞ্চলে টানেল দুর্ঘটনায় প্রাণহানি; বৃষ্টি ও ভূমিধসে ব্যাহত উদ্ধারকাজ

ভারতে বড় নির্মাণকাজের এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে
বিদেশে এখন
0

উত্তর ভারতে নির্মাণাধীন একটি টানেলে ভূমিধসের কারণে পানি ও ধ্বংসাবশেষ ঢুকে পড়ায় অন্তত সাতজন শ্রমিক নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার শেষ রাতে হিমালয়ের রাজ্য উত্তরাখণ্ডে। সেখানে শ্রমিকরা রাষ্ট্রায়ত্ত একটি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য একটি টানেল নির্মাণের কাজ করছিলেন। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এখনো অন্তত তিনজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। এ ছাড়া তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওই প্রকল্প এলাকা থেকে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা মাথায় বাঁধা টর্চ নিয়ে বানানো ভেলায় করে টানেলের প্লাবিত অংশে পৌঁছানোর চেষ্টা করছেন। গত কয়েক দিন ধরে ভারী বর্ষায় বিপর্যস্ত রয়েছে উত্তরাখণ্ড।

ভারতের বিভিন্ন বড় নির্মাণ স্থানে দুর্ঘটনার ঘটনা নতুন নয়। তবে বাস্তুবিদেরা বলছেন, ভঙ্গুর হিমালয় অঞ্চলে অতিরিক্ত উন্নয়ন প্রকল্পের কারণেই এই ধরনের দুর্যোগ বেড়েছে। গত মাসে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত রাজ্য সিকিমে আরেকটি সরকারি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে কাজ করার সময় ২০ জন শ্রমিক নিহত হয়েছিলেন। ২০২৩ সালে উত্তরাখণ্ডেই ধসে পড়া একটি টানেলে ১৭ দিন আটকে থাকার পর ৪১ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছিল।

গত জুন মাসে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে ভারতজুড়ে বন্যা ও ভূমিধসে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। বিশেষজ্ঞদের ভাষ্য, জলবায়ু পরিবর্তন এবং পরিকল্পনাহীন উন্নয়ন কার্যক্রম এই ধরনের দুর্যোগের সংখ্যা, তীব্রতা ও ভয়াবহতা বাড়িয়ে দিচ্ছে।

এএম