ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ভূমিকম্প; নিহত ২০

৭ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন, রুতেং
বিদেশে এখন
0

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় ফ্লোরেস দ্বীপের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ১৫ আগস্ট ধ্বংসস্তূপ ঘেঁটে জীবিতদের সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। এই দুর্যোগে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা গিয়েছে।

ধীরে ধীরে দুর্যোগের পুরো চিত্র স্পষ্ট হওয়ার মধ্যে উদ্ধার বিভাগের কর্মকর্তা ফাথুর রহমান এএফপিকে জানিয়েছেন, পর্যটকদের কাছে জনপ্রিয় এই দ্বীপের চারটি ভিন্ন শহর থেকে অন্তত ২০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল নাগেকেও রিজেন্সিতে যাওয়ার পথে নৌকা থেকে ফোনে ফাথুর জানান, ‘আমরা যেসব প্রতিবেদন পেয়েছি সেই অনুযায়ী, ২০ জন প্রাণ হারিয়েছেন, ছয়জন আহত হয়েছেন এবং দুজন এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।’

৭ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের পর পার্শ্ববর্তী মাংগারাই রিজেন্সিতে ধ্বংসস্তূপের নিচে জীবিত অবস্থায় দুজন আটকা পড়ে আছেন বলে জানা গেছে। ফাথুর বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ব্যক্তিদের সন্ধানে আমাদের নজর থাকবে।’ ভূমিধসের কারণে বেশ কয়েকটি সড়ক বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকাজে জটিলতা তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, এই অগভীর ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ফ্লোরেস দ্বীপের উত্তর উপকূলের কাছে। উপকূলীয় শহর এন্দে থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিল কেন্দ্রস্থলটি। ইন্দোনেশিয়ার ভূপদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটে ১৫ কিলোমিটার গভীরে প্রথম কম্পনটি রেকর্ড করা হয়। এরপর একই এলাকায় ৬ দশমিক ১ মাত্রাসহ বেশ কয়েকটি শক্তিশালী পরাঘাত অনুভূত হয়েছে।

এএম