মেক্সিকো সীমান্তে লেজার অস্ত্র দিয়ে ৩টি ড্রোন ভূপাতিত করলো যুক্তরাষ্ট্র

ড্রোন ভূপাতিত করতে মার্কিন সেনাবাহিনীর উচ্চক্ষমতার লেজার ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে মাদক চোরাচালান চক্রের ব্যবহৃত তিনটি ড্রোন অত্যাধুনিক লেজার অস্ত্র দিয়ে ভূপাতিত করেছে মার্কিন সামরিক বাহিনী। পেন্টাগনের বরাতে মার্কিন নর্দার্ন কমান্ড (ইউএসনর্থকম) এ তথ্য জানিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইউএসনর্থকমের অধীনস্থ সাউদার্ন বর্ডার জয়েন্ট টাস্কফোর্স গত মঙ্গলবার গভীর রাত ও বুধবার ভোরে উচ্চ ক্ষমতাসম্পন্ন সামরিক লেজার ব্যবস্থা ব্যবহার করে ড্রোনগুলো ভূপাতিত করে। তবে ড্রোনগুলো ঠিক কোন মাদক কারবারি চক্রের ছিল বা সীমান্তের কোন সুনির্দিষ্ট পয়েন্টে আঘাত হানা হয়েছে, তা সামরিক নিরাপত্তার স্বার্থে প্রকাশ করা হয়নি। ড্রোনগুলো মার্কিন বা মেক্সিকোর কোন আকাশসীমায় থাকা অবস্থায় ভূপাতিত করা হয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য দেয়নি মার্কিন বাহিনী।

মার্কিন সামরিক কর্মকর্তারা জানান, ড্রোনগুলো মার্কিন সেনা ও সীমান্ত সুরক্ষা বাহিনীর জন্য সরাসরি হুমকি তৈরি করছিল। সাউদার্ন বর্ডার জয়েন্ট টাস্কফোর্সের কমান্ডার মেজর জেনারেল কার্টিস টেলর এক বিবৃতিতে বলেন, ‘মানব পাচার সহজ করতে এবং আমাদের কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নজরদারি চালাতে মাদক চক্রগুলো ক্রমাগত চালকবিহীন ড্রোন ব্যবহার করছে। লেজার সিস্টেমের মতো অত্যাধুনিক সক্ষমতা ব্যবহারের মাধ্যমে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি যে কোনো ধরনের শত্রুভাবাপন্ন নজরদারি সহ্য করা হবে না।’

বিশেষজ্ঞদের মতে, মাদক চক্রগুলো মূলত মাদক, অস্ত্র ও মানব পাচারের পথ পর্যবেক্ষণে সীমান্ত এলাকায় ড্রোন ব্যবহার করে থাকে। এর আগে গত ফেব্রুয়ারি মাসেও টেক্সাসের ফোর্ট হ্যানকক এলাকায় মার্কিন সামরিক বাহিনীর লেজার পরীক্ষার সময় সীমান্ত সুরক্ষা বাহিনীর একটি ড্রোন দুর্ঘটনাবশত ভূপাতিত হয়েছিল।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী কঠোর পদক্ষেপের অংশ হিসেবে সীমান্তে নজরদারি জোরদার করতে গত বছর এই জয়েন্ট টাস্কফোর্স গঠন করা হয়। বর্তমানে এই টাস্কফোর্সে প্রায় আট হাজার মার্কিন সেনা সদস্য নিয়োজিত রয়েছেন।

এএম