ইরানে মার্কিন হামলায় বিয়ের অনুষ্ঠানে প্রাণহানি; মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বৃদ্ধির আশঙ্কা

কুহিস্তিকে বিয়ের অনুষ্ঠানের কাছে হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ির ধ্বংসাবশেষ
বিদেশে এখন
0

ইরানে মার্কিন বাহিনীর নতুন করে চালানো বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত ও ১০৮ জন আহত হয়েছেন। এর মধ্যে হরমুজ প্রণালির উপকূলীয় অঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় ৪ জন নিহত ও বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘাত নতুন করে তীব্র রূপ নেয়ায় বেসামরিক মানুষের প্রাণহানি নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।

মার্কিন হামলার জবাবে বাহরাইন, জর্ডান, কুয়েত ও ইরাকে থাকা মার্কিন স্থাপনা লক্ষ্য করে পালটা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। আজ বৃহস্পতিবার ভোরে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র লক্ষ্যচ্যুত করেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

বিয়ের অনুষ্ঠানে হামলাসহ বেসামরিক প্রাণহানির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, সব পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার এবং অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ প্রধান।

তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিংস এক বিবৃতিতে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন থাকায় ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ভোটের আগে সংঘাত বড় আকারে না বাড়ানোর চেষ্টা করছেন। তবে ভোটের পর সামরিক তৎপরতা আরও বাড়ানো হতে পারে বলে হোয়াইট হাউসের বেশ কয়েকটি সূত্র জানিয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে যুদ্ধ শুরুর পর থেকে ইরানে বহু বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। অপরদিকে মার্কিন সামরিক বাহিনীর ১৮ সদস্য নিহত ও ৭৫০ জনের বেশি আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের কড়াকড়ির কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে।

—রয়টার্সের প্রতিবেদন অবলম্বনে

এএম