থাইল্যান্ডে পাঁচ দিনের বিরতি শেষ; সাগরে ফিরলো রণতরি আব্রাহাম লিংকন

ইউএসএস আব্রাহাম লিংকনের সেনাদের স্বাগত জানিয়ে এলইডি ডিসপ্লের পাশ দিয়ে হাঁটছেন মানুষ
বিদেশে এখন
0

মধ্যপ্রাচ্যে দীর্ঘ অভিযান পরিচালনার পর থাইল্যান্ডে পাঁচ দিনের সংক্ষিপ্ত বিরতি শেষে ফিরেছে মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন। আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) সকালে জাহাজটি থাইল্যান্ডের বন্দর ত্যাগ করে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে মার্কিন নৌবাহিনী।

জাহাজটির কমান্ডিং অফিসার মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন ড্যান কিলার এক বিবৃতিতে বলেন, ‘অসাধারণ আতিথেয়তার জন্য আমরা থাইল্যান্ডের জনগণকে ধন্যবাদ জানাই।’ সাধারণত নৌবাহিনীর মোতায়েন ছয় থেকে নয় মাস স্থায়ী হলেও সংঘাতপূর্ণ পরিস্থিতিতে এই সময়সীমা বাড়ানো হয়ে থাকে।

পরমাণু শক্তিচালিত এ রণতরিতে প্রায় ৫ হাজার সেনাসদস্য রয়েছেন। ডেমোক্রেটিক আইনপ্রণেতাদের তথ্যমতে, আধুনিক যুগে সাগরে বিরতিহীনভাবে সবচেয়ে বেশি দিন অবস্থানের রেকর্ড গড়েছে জাহাজটি। ইরানের সঙ্গে সংঘাতকালে মার্কিন নৌ অবরোধ ও লড়াই কার্যক্রমে সরাসরি যুক্ত ছিল এটি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার মূল ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের একমাত্র চুক্তিভিত্তিক মিত্রদেশ থাইল্যান্ড। গত বুধবার সকালে অন্য কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজসহ থাইল্যান্ডে এসে পৌঁছায় আব্রাহাম লিংকন। থাই কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন, এ সফর পাঁচ দিন স্থায়ী হবে।

জাহাজগুলো নোঙর করার পরপরই সাধারণ পোশাকে কয়েক বাস নাবিক ও মেরিন সেনা ব্যাংকক থেকে প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত রিসোর্ট শহর পাতায়ায় ছুটি কাটাতে যান।

এএম