নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন শুরু; পুতিন ও পেজেশকিয়ানের সঙ্গে মোদির দ্বিপক্ষীয় বৈঠক

অমৃতসরে ব্রিকস সদস্যদেশগুলোর নেতাদের প্রতিকৃতিতে শেষ আঁচড় দিচ্ছেন এক শিল্পী।
বিদেশে এখন
0

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হওয়া উদীয়মান অর্থনীতির জোট ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারত মণ্ডপমে আয়োজিত তিন দিনব্যাপী এই সম্মেলনে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ, ইউক্রেন সংঘাত ও বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি ও কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি দীর্ঘ ছয় বছর পর ভারতে আসা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হলেও সম্প্রতি ভিসা, বিমান যোগাযোগ ও কূটনৈতিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতি দেখা গেছে।

২০০৯ সালে গঠিত ব্রিকস জোটের সদস্যসংখ্যা সম্প্রসারিত হয়ে বর্তমানে ১১টিতে দাঁড়িয়েছে। এতে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি যুক্ত হয়েছে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়া। সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকোসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সম্মেলন উপলক্ষে পুরো নয়াদিল্লিজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে সমন্বিতভাবে কাজ করছেন দিল্লি পুলিশের ১৫ হাজার সদস্য ও ২০০ প্লাটুন আধা-সামরিক বাহিনী। পাঁচ শতাধিক সিসিটিভি ক্যামেরা এবং ফেসিয়াল রিকগনিশন সিস্টেমের মাধ্যমে পুরো রাজধানী সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে এবং ভিভিআইপি চলাচলের জন্য নির্দিষ্ট সড়কগুলোতে সাময়িক ট্রাফিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এএম