হিমবাহ ধসে নেপালে প্রলয়ংকরী বন্যা, ক্ষয়ক্ষতি কাটাতে লাগবে ৪৭৮ কোটি ডলার

ক্ষতিগ্রস্ত একটি বাড়ির পাশ দিয়ে মালপত্র নিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি
বিদেশে এখন
0

গত মাসে হিমবাহ ধসের জেরে সৃষ্ট ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে নেপালের প্রায় ৪৭৮ কোটি ডলার প্রয়োজন হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী বলেন, ‘পুনর্গঠনের জন্য আনুমানিক মোট ৪৭৮ কোটি ডলার প্রয়োজন হবে।’

গত ২৬ আগস্ট চীন-নেপাল সীমান্তে হিমবাহ ধসের পর সুনামির মতো তীব্র গতিতে নেমে আসা পানি, কাদা ও ধ্বংসাবশেষের স্রোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১ হাজার ৪১০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৬৫১ জন। এর মধ্যে নেপালের অভ্যন্তরেই ১ হাজার ৩৬৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ রয়েছেন ৫ হাজার ১৩২ জন বলে গত বুধবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে।

অন্যদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটিতে ৪৩ জনের মৃত্যু হয়েছে এবং ৫১৯ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে কয়েক শ বিদেশি নাগরিক এবং বিপুলসংখ্যক জলবিদ্যুৎ প্রকল্পের কর্মী রয়েছেন।

এদিকে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা পড়াদের উদ্ধারের আশায় বুধবারও অভিযান চালিয়েছেন নেপালি উদ্ধারকর্মীরা। নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ত্রিশূলী থ্রি-এ, থ্রি-বি এবং চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলোতে তল্লাশি ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।’

এএম