সৌদিতে হুথিদের হামলায় বিপজ্জনক মোড়ে মধ্যপ্রাচ্য, জাতিসংঘে সতর্ক করলো পাকিস্তান

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য দিচ্ছেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ
বিদেশে এখন
0

সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্য সংঘাতকে এক ‘অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে’ নিয়ে গেছে বলে সতর্ক করেছে পাকিস্তান। গতকাল (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ এই হুঁশিয়ারি ব্যক্ত করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও চীন বাব-এল-মান্দেব প্রণালি ও লোহিত সাগরে স্থিতিশীলতা ফেরাতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিরাপত্তা পরিষদে আসিম ইফতিখার আহমেদ বলেন, ইয়েমেনের অভ্যন্তরে হুথিদের সামরিক তৎপরতা বৃদ্ধিসহ সৌদি আরবের ওপর অব্যাহত হামলা আন্তর্জাতিক নৌচলাচল, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল এবং শক্তি নিরাপত্তার ওপর সরাসরি হুমকি তৈরি করেছে। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ অনুযায়ী নিজ ভূখণ্ড ও নাগরিকদের সুরক্ষায় সৌদি আরবের আত্মরক্ষার বৈধ অধিকারকে পাকিস্তান পূর্ণ সমর্থন করে বলে তিনি জানান।

বৈঠকে চীনের প্রতিনিধি সুন লেই বলেন, লোহিত সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষা করা পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ দায়িত্ব। তিনি সব পক্ষকে দ্রুত আলোচনায় ফেরার আহ্বান জানান। অন্যদিকে মার্কিন প্রতিনিধি জেনিফার লোসেটা হুথিদের দখল করা এলাকা থেকে সরে আসার দাবি জানান এবং অভিযোগ করেন যে ইরান সরাসরি অস্ত্র ও অর্থ দিয়ে হুথিদের মদদ দিচ্ছে।

সৌদি আরবের প্রতিনিধি আবদুল আজিজ এম আলওয়াসিল জাতিসংঘে জানান, হুথিরা প্রণালিগুলোতে চলাচলের পথ অবরুদ্ধ করে পুরো বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার নীতি গ্রহণ করেছে। ইয়েমেনের প্রতিনিধি আবদুল্লাহ আলী ফাদেল আল-সাদী বলেন, হুথিদের এই আঞ্চলিক আগ্রাসন মোকাবিলায় তার দেশের সরকারি বাহিনী উপকূলজুড়ে পুনরায় অবস্থান জোরদার করছে। বৈঠকের পর নিরাপত্তা পরিষদের সদস্য আফ্রিকান দেশগুলো সামরিক সমাধানের পথ পরিহার করে দ্রুত রাজনৈতিক সমঝোতার তাগিদ দিয়েছে।

এএম