হুথি মুখপাত্র জানান, ইয়েমেনে স্থানীয়ভাবে তৈরি ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়। পরবর্তীতে দুর্ঘটনাকবলিত বিমানের ধ্বংসাবশেষ সন্ধান করতে আসা সৌদির এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমানের দুটি বহরকেও ক্ষেপণাস্ত্র ছুড়ে তাড়িয়ে দেয়া হয়েছে বলে তিনি দাবি করেন। চলতি সপ্তাহে ইয়েমেনের বিভিন্ন স্থানে সৌদি জোট ৪৫০টির বেশি বিমান হামলা চালিয়েছে বলেও জানান তিনি।
মক্কা ও মদিনায় হামলার অভিযোগ উড়িয়ে দিয়ে ইয়াহিয়া সারে বলেন, ‘এই মনগড়া কথা ও মিথ্যাচার দিয়ে কাউকে প্রতারিত করা যাবে না। ইয়েমেন থেকে পবিত্র স্থানগুলোর প্রতি কোনো ধরনের হুমকি নেই।’ তিনি দাবি করেন, তাদের সামরিক অভিযান কেবল রিয়াদের তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিতেই সীমাবদ্ধ রয়েছে।
এর আগে বুধবার সকালে সৌদি নেতৃত্বাধীন যৌথ সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি দাবি করেন, মঙ্গলবার সন্ধ্যায় মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই হুথিদের একটি ড্রোন ধ্বংস করেছে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ২০১৭ সালের পর এটি মক্কা নগরীতে হুথিদের দ্বিতীয় হামলা চেষ্টা বলে উল্লেখ করেন তিনি।





