আল্পসের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত

দুর্ঘটনাকবলিত বিমানের উদ্ধার করা ধ্বংসাবশেষ
বিদেশে এখন
0

সুইজারল্যান্ডের ভ্যালাইস ক্যান্টনে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার বিকেলে আল্পস পর্বতমালার ওই এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সুইস সম্প্রচারমাধ্যম সুইসইনফোর বরাত দিয়ে আনাদোলু আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।

ভ্যালাইস ক্যান্টন পুলিশ বুধবার এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা তিনজনই নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের পরিচয় তখনও শনাক্ত করা হয়নি। এক ইঞ্জিনের সিরাস এসআর২২টি উড়োজাহাজটি টিচিনো ক্যান্টনের লুগানো শহর থেকে উড্ডয়ন করেছিল। পরে ভ্যালাইস ক্যান্টনের লুকারবাড পৌরসভার কাছে একটি পাহাড়ের ঢালে সেটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তিনটি হেলিকপ্টার ও দুজন উদ্ধারকর্মী সেখানে পৌঁছান। তবে উড়োজাহাজে থাকা তিনজনেরই মৃত্যু নিশ্চিত করেন তারা। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। সুইজারল্যান্ডে গত এক দশকে তিন বা তার বেশি মানুষের প্রাণহানি ঘটেছে—এমন নয়টি বিমান দুর্ঘটনা নথিভুক্ত হয়েছে। লুকারবাডের এই দুর্ঘটনা ওই হিসাবের বাইরে।

এএম