জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা বাতিলের দাবি এরদোয়ানের, আদৌ সম্ভব?

বিদেশে এখন
0

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) পাঁচ স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা বিলুপ্তির আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বর্তমান ভেটো ব্যবস্থাকে ‘অন্যায়’ উল্লেখ করে তিনি বলেন, এই ব্যবস্থা বৈশ্বিক স্থিতিশীলতা ও শান্তির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গাজা যুদ্ধ, ইউক্রেন সংঘাত ও হরমুজ প্রণালির সংকটের মতো বৈশ্বিক ইস্যুতে নিরাপত্তা পরিষদ যখন বারবার স্থবির হয়ে পড়ছে, তখনই এ আহ্বান জানালেন তুর্কি প্রেসিডেন্ট। বিষয়টি নিয়ে একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা।

ভেটো ক্ষমতা কী এবং কাদের রয়েছে?
নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন—যেকোনো গুরুত্বপূর্ণ প্রস্তাবে ভেটো দেয়ার একক ক্ষমতা ভোগ করে। এর অর্থ হলো, পরিষদের ১৫টি সদস্যদেশের মধ্যে ১৪টি দেশ কোনো প্রস্তাবের পক্ষে ভোট দিলেও কেবল একটি স্থায়ী সদস্য ভিটো দিলে তা বাতিল হয়ে যায়। গত তিন বছরে কেবল ফিলিস্তিন-ইসরাইল সংঘাত সম্পর্কিত সাতটি প্রস্তাবে ভিটো দিয়েছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে গাজায় যুদ্ধবিরতির পাঁচটি প্রস্তাব ছিল। অন্যদিকে ইউক্রেন যুদ্ধসংক্রান্ত প্রস্তাবগুলোতে রাশিয়ার ভিটো পরিষদকে সিদ্ধান্ত নিতে দেয়নি।

তুরস্ক কী প্রস্তাব করেছে?
এরদোয়ান নিরাপত্তা পরিষদের আমূল সংস্কার চান, যার মধ্যে স্থায়ী সদস্যপদের বিলোপ ও ভেটো ক্ষমতার অবসান অন্তর্ভুক্ত। ব্লুমবার্গে প্রকাশিত এক নিবন্ধে তিনি লেখেন, আট দশক আগে গঠিত নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো আর আধুনিক বিশ্বের বাস্তবতা মেনে চলে না।

নিউ ইয়র্কে সাংবাদিকদের এরদোয়ান বলেন, ‘ভেটো ব্যবস্থা বাতিল করা হোক... আসুন আমরা কেবল পাঁচটি সদস্যকে রক্ষা করা জাতিসংঘ মডেল থেকে বেরিয়ে এসে এমন একটি প্রক্রিয়ায় যাই যা সব সদস্যকে অন্তর্ভুক্ত করে।’

ভেটো ক্ষমতা বাতিল করা কতটা সহজ?
ভেটো ক্ষমতা আনুষ্ঠানিকভাবে বাতিল করতে হলে জাতিসংঘ সনদের ১০৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংশোধন আনতে হবে। এর জন্য সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ ভোট এবং পাঁচ স্থায়ী সদস্যসহ সব সদস্যদেশের দুই-তৃতীয়াংশের অনুমোদন প্রয়োজন। অর্থাৎ, স্থায়ী পাঁচ সদস্যকে নিজেদের ভিটো ক্ষমতা বিলুপ্ত করার প্রস্তাবে নিজেদেরই স্বাক্ষর করতে হবে, যা বাস্তবায়ন হওয়া প্রায় অসম্ভব।

ফ্রান্স-মেক্সিকো বিকল্প প্রস্তাব
২০১৫ সালে ফ্রান্স ও মেক্সিকো গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে স্থায়ী সদস্যদের স্বেচ্ছায় ভেটো ক্ষমতা স্থগিত রাখার একটি প্রস্তাব দেয়। এটি বাধ্যতামূলক কোনো চুক্তি নয়, বরং একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ। সম্প্রতি যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশ এতে সমর্থন দেয়ায় বর্তমানে ১২৮টি দেশ এই প্রস্তাবের পক্ষে রয়েছে।

বাস্তবতা কী বলছে?
বিশ্লেষকদের মতে, ভেটো ক্ষমতা পুরোপুরি বাতিল করার যেকোনো আনুষ্ঠানিক উদ্যোগ ব্যর্থ হতে বাধ্য, কারণ স্থায়ী সদস্যরা নিজেদের ক্ষমতা ছাড়তে চাইবে না। রাশিয়া ইতিমধ্যেই জানিয়েছে, তারা স্থায়ী সদস্যদের ভিটো ক্ষমতা বহাল রাখার পক্ষে, তবে পরিষদে নতুন স্থায়ী সদস্য যুক্ত করার বিষয়টিকে তারা সমর্থন করে। যুক্তরাষ্ট্র ও চীনও অতীতে নিজেদের ভিটো অধিকারের সুরক্ষায় কড়া অবস্থান নিয়েছে।

ঐতিহাসিকভাবে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়া সবচেয়ে বেশি ১৬৩ বার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে। দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্র ৯৫ বার ভেটো দিয়েছে। এর বিপরীতে ফ্রান্স ও যুক্তরাজ্য ১৯৮৯ সালের পর আর কোনো ভেটো প্রয়োগ করেনি।

—আল জাজিরার প্রতিবেদন অবলম্বনে

এএম