সৌদি ও কাতারের জ্বালানি স্থাপনায় বাড়তি প্যাট্রিয়ট পাঠালো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র নির্মিত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম
বিদেশে এখন
0

ইরানে আবার নতুন করে সামরিক হামলা শুরু হলে মার্কিন মিত্র সৌদি আরব ও কাতারের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে পাল্টা আঘাত আসতে পারে। সেই সম্ভাব্য আক্রমণ ঠেকাতেই দেশ দুটিতে বাড়তি দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা (অ্যান্টি-মিসাইল ব্যাটারি) মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা আনন্দলু মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাত দিয়ে দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কিন কর্মকর্তা ও আঞ্চলিক সূত্রের তথ্য অনুযায়ী, গত মাসে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারের সুরক্ষায় একটি প্যাট্রিয়ট ব্যাটারি পাঠানো হয় সৌদি আরবে। অন্যদিকে কাতারের একটি বড় প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রের সুরক্ষায় মোতায়েন করা হয় দ্বিতীয় ব্যাটারিটি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের ওপর ফের সামরিক হামলা জোরদার করেন, তবে মার্কিন মিত্রদের অর্থনৈতিক ও মূল জ্বালানি অবকাঠামো সুরক্ষিত রাখার বিষয়ে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ—এমন বার্তা দিতেই এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠানো হয়েছে।

এই সেনা ও ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়ে জানতে চাওয়া হলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স কোনো মন্তব্য করতে রাজি হননি।

এএম