আইএমএফের কাছ থেকে ৩৪৫ মিলিয়ন ডলার ঋণ পাচ্ছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা ও আইএমএফের পতাকা
বিদেশে এখন
0

শ্রীলঙ্কার সঙ্গে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এর ফলে দেশটি আইএমএফের ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা কর্মসূচি থেকে প্রায় ৩৪৫ মিলিয়ন ডলার পেতে পারে।

তবে আইএমএফ সতর্ক করে বলেছে, জ্বালানির দাম বৃদ্ধি, এল নিনো আবহাওয়াজনিত প্রভাব ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে ঝুঁকি তৈরি করতে পারে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

শ্রীলঙ্কার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে এটি সর্বশেষ গুরুত্বপূর্ণ অগ্রগতি। ২০২২ সালে দেশটি ৪৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধে খেলাপি হওয়ার পর সংকট চরমে পৌঁছেছিল।

এরপর ২০২৩ সালে দক্ষিণ এশিয়ার দেশটি চার বছরের জন্য ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের আইএমএফ সহায়তা প্যাকেজ পায়।

আইএমএফ এক বিবৃতিতে বলেছে, ‘একের পর এক ধাক্কার পরও শ্রীলঙ্কার অর্থনীতি উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা দেখিয়েছে।’ সংস্থাটি জানায়, ২০২২ সালে অর্থনীতি ৭ দশমিক ৩ শতাংশ সংকুচিত হওয়ার পর টানা ১১টি প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে।

তবে আইএমএফ সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ কতদিন চলবে এবং এর তীব্রতা কতটা হবে, বৈশ্বিক বাণিজ্যনীতি ও এল নিনোর প্রভাব—এসব বিষয়ে অনিশ্চয়তা শ্রীলঙ্কার অর্থনীতির জন্য ঝুঁকি হয়ে রয়েছে।

এ মাসের শুরুতে শ্রীলঙ্কা সরকার ১২৬ মিলিয়ন ডলারের ডিজেল ভর্তুকি আবার চালু করায় আইএমএফ সমালোচনা করেছে। সংস্থাটি বলেছে, জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সমন্বয় করা উচিত। একই সঙ্গে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা রাখতে হবে।

আইএমএফ আরও বলেছে, জ্বালানির দাম বৃদ্ধির কারণে যদি মূল্যস্ফীতির ওপর দ্বিতীয় দফায় চাপ তৈরি হয়, তাহলে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রানীতি আরও কঠোর করার জন্য প্রস্তুত থাকতে হবে।

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি সুদের হার ১০০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৮ দশমিক ৭৫ শতাংশ করেছে। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় আরও সুদের হার বাড়ানোর আহ্বান তারা এখনো প্রত্যাখ্যান করছে।

সর্বশেষ এই সমঝোতার ফলে শ্রীলঙ্কা আইএমএফের বর্তমান কর্মসূচির শেষের আগের কিস্তি পাওয়ার পথে এগোল। কর্মসূচিটির মেয়াদ আগামী মার্চে শেষ হওয়ার কথা।

এএইচ