দক্ষিণ কলকাতায় থিমভিত্তিক পূজার প্যান্ডেলের মধ্যে অন্যতম কসবার রাজডাঙ্গা নব উদয় সংঘ। এবারের তাদের পূজার থিম ‘শোধন’। লোহার মরচে পড়া শীট বা পাত দিয়ে মণ্ডপটিকে একটি কারখানার রূপ দেয়া হয়েছে। তাতে রয়েছে ফার্নিশ, বড় বড় পাখা ও ধোঁয়া বের হওয়ার পাইপ। মণ্ডপের ভিতরেও প্রতিমার ও দেবীর সাজসজ্জায় থাকছে নতুন ছোঁয়া। এমনকি প্রতিমা যে স্থানে বসানো থাকবে, সেটিও ঘুরবে অনবরত।
আয়োজকরা জানান, এর ভেতরে একটা প্রোডাক্ট বানানো হচ্ছে। সেই প্রোডাক্টের নাম শোধন। এখানে প্রকৃতি ও মানুষের মন নিয়ে একটি কাজ তৈরি করা হয়েছে।
আরও পড়ুন:
এই কসবাতেই আছে বোসপুকুর শীতলা মন্দিরের পূজা। এবার তাদের থিম ‘চুপ’। মণ্ডপের মধ্যে ঢুকলেই চারদিকে চোখে পড়বে ধ্বংসের চেহারা। প্যান্ডেলের চূড়ায় রয়েছে আগুনের ফুলকি। ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা-নাগাসাকি শহরে ভয়াবহ পরমাণু বোমা বিস্ফোরণের ভয়াবহতা ফুটিয়ে তোলা হবে এই ফুলকিতে। এছাড়াও মণ্ডপের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকবে যুদ্ধের অস্ত্র।
কলকাতার উপকণ্ঠে অবস্থিত বারাসাত। এখানেও এবার নজর কাড়ছে থিমভিত্তিক পূজার প্রস্তুতি। এর মধ্যে অন্যতম বারাসাতের ৪ নম্বর পল্লীর পূজার থিম। এবারে তাদের মণ্ডপ করা হয়েছে দিল্লির বিড়লা মন্দিরের আদলে।





