গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক আটক, রাশিয়ার দাবি নাকচ টোকিওর

রাশিয়ার তেল শোধনাগারে আবার হামলা চালানোর ঘোষণা দিয়েছেন জেলেনস্কি
বিদেশে এখন
0

জাপানি সাংবাদিককে আটকের পর মস্কোর অভিযোগ প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। আটক সাংবাদিকের সঙ্গে কনস্যুলার সাক্ষাতের চেষ্টা করছে টোকিও। রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে এক জাপানি সাংবাদিককে আটকের পর মস্কোর অভিযোগ অস্বীকার করেছে জাপান সরকার। আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, রাশিয়ার সামরিক সক্ষমতা নিয়ে তথ্য সংগ্রহের সঙ্গে তার সরকারের সংশ্লিষ্টতা নেই। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টোকিওতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাকাইচি বলেন, তারা জাপানের অবস্থান রাশিয়াকে জানাবেন। জাপানের সংবাদ সংস্থা জিজি প্রেস এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) অভিযোগ করেছে, জাপানের দৈনিক হোক্কাইডো শিমবুন-এর ইউঝনো-সাখালিনস্ক কার্যালয়ের এক সংবাদদাতা জাপানি গোয়েন্দাদের জন্য রাশিয়ার প্রতিরক্ষাসক্ষমতা-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করেছেন। রাশিয়ার নিরাপত্তার বিরুদ্ধে ওই তথ্য ব্যবহার করা হতে পারে বলেও দাবি করেছে সংস্থাটি।

এফএসবি জানিয়েছে, সাংবাদিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। তদন্ত চলার মধ্যে মস্কোর লেফোর্তোভো জেলা আদালত তার গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।

জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা বলেছেন, আটক সাংবাদিকের সঙ্গে এখনো যোগাযোগ করতে পারেনি টোকিও। তার শারীরিক অবস্থা নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব কনস্যুলার সাক্ষাতের ব্যবস্থা করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কো ও টোকিওর সম্পর্কের অবনতি হয়েছে। ওই অভিযানের জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জাপান।

এএম