মক্কা-মদিনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি সৌদির, অস্বীকার হুথিদের

সৌদি আরবের পতাকা
বিদেশে এখন
0

সৌদি আরবের মক্কা ও মদিনা অঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করেছে দেশটির প্রতিরক্ষাব্যবস্থা। ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করার পর সেগুলোর ভাঙা অংশ বা ধ্বংসাবশেষ মক্কা ও জেদ্দাসহ বেশ কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা দপ্তর। তবে পবিত্র দুই নগরী লক্ষ্য করে কোনো হামলা চালানোর কথা অস্বীকার করেছে হুথিরা। খালিজ টাইমস প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জানান, ক্ষেপণাস্ত্র দুটি ধ্বংস করার পর সেগুলোর কিছু অংশ মক্কার ওয়াদি আল-মাগমাছ এলাকায় গিয়ে পড়ে। এছাড়া ধ্বংসাবশেষের বিভিন্ন টুকরো জেদ্দার আল-নুজহা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিঘের মাস্তুরাহ এলাকায় আঘাত হানে। এমন পরিস্থিতিতে নির্ধারিত জরুরি নিরাপত্তা কার্যবিধি অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সৌদি আরবের এই ঘোষণার পর ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মক্কা ও মদিনাকে নিশানা করার অভিযোগ নাকচ করে দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এর আগেও পবিত্র স্থানগুলোর আশপাশে হুথিদের হামলার তথ্য জানিয়েছিল সৌদি আরব। চলতি মাসের ১ অক্টোবর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছিল, সেপ্টেম্বর মাসের শেষের দিকে মদিনার তাইবাহ বিদ্যুৎ বিতরণকেন্দ্রে ড্রোন হামলা চালায় হুথিরা। এতে একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হলেও শহরের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল ছিল। ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে ওই হামলার বিষয়ে নিশ্চিত হয়েছিল সৌদি জোট। এই বিদ্যুৎকেন্দ্রটি থেকে মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এর আগে গত ২৪ সেপ্টেম্বর মক্কার সংরক্ষিত আকাশসীমায় প্রবেশের আগেই একটি ড্রোন গুলি করে নামানোর দাবি করেছিল সৌদি বাহিনী। সেই ঘটনার পরও পবিত্র কোনো স্থান লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছিল হুথিরা।

এএম