অবৈধ অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

শুভেন্দু অধিকারী
বিদেশে এখন
0

অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, অবৈধ অনুপ্রবেশকারীরা যে পথ দিয়ে ভারতে প্রবেশ করেছে, তাদের ঠিক সেই পথেই বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ) রাজ্যটির উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের তিস্তা ময়দানে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘অনুপ্রবেশকারীর খোঁজ পেলেই পুলিশ ও বিএসএফকে খবর দিন। তাদের হোল্ডিং স্টেশনে রাখা হবে। কারাগারে রাখা হবে না, কারণ আমাদের করের রুপিতে তাদের খাওয়ানো হবে না। সোজা ব্যাক টু প্যাভিলিয়ন পাঠিয়ে দেয়া হবে।’ এ সময় তিনি অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

তবে প্রকৃত শরণার্থীদের ক্ষেত্রে সরকারের অবস্থান নমনীয় রয়েছে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের একজনও যাতে রায়গঞ্জের কারাগারে না থাকে, সে বিষয়ে জেলা প্রশাসককে সঙ্গে নিয়ে রাজ্যের আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাসকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) আওতায় হিন্দু, শিখ, খ্রিষ্টান, জৈন, বৌদ্ধ ও পার্সিদের ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

শুভেন্দু অধিকারী আরও জানান, রায়গঞ্জে জেলা প্রশাসকের দপ্তরে সিএএর আওতায় নাগরিকত্বের জন্য প্রায় ৯ হাজার আবেদন জমা রয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এসব আবেদনের শুনানি শেষ করা হবে এবং আগামী জানুয়ারি মাসে তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হবে। যারা এখনও আবেদন করেননি, তাদের অবিলম্বে আবেদন করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে বসবাসরত নাগরিকদের বিএসএফ ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এলাকায় কোনো অবৈধ মাদ্রাসা বা দেশবিরোধী কার্যক্রম যেন না চলে, সেদিকে কড়া নজর রাখতে হবে। পাশাপাশি সব স্কুল ও মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গান সম্পূর্ণভাবে গাওয়া হচ্ছে কি না, তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

নারীদের ওপর নির্যাতনকারীদের বিরুদ্ধেও কঠোর বার্তা দিয়ে শুভেন্দু বলেন, নারী সুরক্ষায় পুলিশ প্রশাসনকে পূর্ণ ক্ষমতা দেয়া হয়েছে। ধর্ষণ বা শ্লীলতাহানির মতো অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশ কঠোর আইনগত ব্যবস্থা নেবে।

এএম