সোমালিয়ায় তিন দশকের রাজনৈতিক মিশনের সমাপ্তি টানলো জাতিসংঘ

নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দিচ্ছেন সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ
বিদেশে এখন
0

সোমালিয়ায় দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে পরিচালিত রাজনৈতিক মিশন আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে জাতিসংঘ। সোমালি সরকারের অনুরোধে দুবছরের একটি হস্তান্তর প্রক্রিয়া শেষে শনিবার ইউনাইটেড নেশনস ট্রানজিশনাল অ্যাসিস্ট্যান্স মিশন ইন সোমালিয়া (ইউএনটিএমআইএস) তাদের সব ধরনের সামরিক ও রাজনৈতিক কার্যক্রম গুটিয়ে নিয়েছে।

১৯৯০-এর দশকে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সোমালিয়ার পুনর্গঠনে সহায়তা করতে এই মিশন চালু করা হয়েছিল। ২০২৪ সালে প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদের সরকার আনুষ্ঠানিকভাবে মিশন প্রত্যাহারের অনুরোধ জানায়। এরপর সোমালি কর্তৃপক্ষ ও জাতিসংঘের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী মিশনের দায়িত্ব পর্যায়ক্রমে স্থানীয় প্রতিষ্ঠান, জাতিসংঘের অন্যান্য উন্নয়ন সংস্থা এবং আফ্রিকান ইউনিয়নের বাহিনীর ওপর হস্তান্তর করা হয়।

মোগাদিশুতে আয়োজিত এক বিদায় অনুষ্ঠানে সোমালিয়ার উপপ্রধানমন্ত্রী সালেহ আহমেদ জামা মিশন বন্ধ হওয়াকে একটি ‘বিজয়ের দিন’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, সোমালিয়া এখন সংকটের ট্রানজিশন আমল পেছনে ফেলে স্থায়ী শান্তির দিকে এগিয়ে যাচ্ছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতেরেস সোমালিয়ার অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন। তবে রাজনৈতিক মতভেদ, নিরাপত্তা ও মানবিক চ্যালেঞ্জ বিবেচনায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

রাজনৈতিক মিশন গুটিয়ে নিলেও সশস্ত্র গোষ্ঠী আল-শাবাবের বিরুদ্ধে লড়াই এবং অভ্যন্তরীণ নানা রাজনৈতিক চ্যালেঞ্জ বজায় রয়েছে সোমালিয়ায়। জাতিসংঘ সেখানে তাদের মানবিক ও উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখবে বলে জানালেও আন্তর্জাতিক সাহায্য কাটছাঁটের কারণে হাসপাতাল ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় নতুন সংকট তৈরি হয়েছে।

—আল জাজিরার প্রতিবেদনে অবলম্বনে


এএম