মদিনার তাবলিগের শীর্ষস্থানীয় মুরব্বি শেখ গাসসান মারা গেছেন

শেখ গাসসান
বিদেশে এখন
0

মদিনা মুনাওয়ারার তাবলিগের আন্তর্জাতিক শীর্ষস্থানীয় মুরব্বি শেখ গাসসান মারা গেছেন। আজ (সোমবার, ৯ নভেম্বর) তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তথ্যটি নিশ্চিত করেন।

শেখ গাসসান মদিনা মুনাওয়ারার আহলে বাইতের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি হজরত মাওলানা এনামুল হাসান (রহ.), হজরত মাওলানা জুবাইরুল হাসান (রহ.) ও হজরত মাওলানা ইবরাহিম দেওলা (হাফি.)-এর সান্নিধ্যে থেকে দীর্ঘদিন তাদের খেদমত করেছেন। একই সঙ্গে তিনি দ্বীনের দাওয়াত ও তাবলিগের কাজেও ভূমিকা রাখেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ৫০ বছর আগে শেখ গাসসান ও শেখ ফাদিল উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ডেনভার শহরে যান। ইউনিভার্সিটি অব ডেনভারে অধ্যয়নকালে তারা তাবলিগের মেহনতে যুক্ত হন। ছাত্রজীবনেই উত্তর আমেরিকার আরব জনগোষ্ঠীর মধ্যে দাওয়াতের কাজ শুরু করেন। পরে দেশে ফিরে শেখ গাসসান মদিনা মুনাওয়ারায় এবং শেখ ফাদিল জেদ্দায় তাবলিগের কাজে আত্মনিয়োগ করেন।

আহলে বাইতের সদস্য হওয়ায় আরবের বিভিন্ন মাশায়েখ ও প্রভাবশালী মহলে শেখ গাসসানের বিশেষ গ্রহণযোগ্যতা ছিলো। তিনি তাদের মধ্যে দ্বীনের দাওয়াতের কাজ পরিচালনা করতেন। হজরত মাওলানা এনামুল হাসান (রহ.)-এর ইন্তেকালের পর তারা পাকিস্তানের শীর্ষ তাবলিগি মুরব্বি হাজী আবদুল ওয়াহ্হাব (রহ.)-এর পরামর্শ ও দিকনির্দেশনা অনুসরণ করতেন।

বাংলাদেশের তাবলিগের সঙ্গেও শেখ গাসসানের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তিনি প্রতিবছর টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিতে বাংলাদেশে আসতেন। তাবলিগের মুরব্বি ও সাথিদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো।

এসএইচ